![]() |
| মেলান্দহে সাংবাদিক নেতা নূরুল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন: মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ |
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ: মেলান্দহে সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতা নূরুল আলম সিদ্দিকী
জামালপুরের মেলান্দহে নিজের বিরুদ্ধে আনীত জমি দখলের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ নূরুল আলম সিদ্দিকী। শনিবার সকালে আয়োজিত এই সম্মেলনে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ও সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করতে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী জানান, তিনি ও তাঁর প্রতিবেশী আব্দুর রহমান মন্টু হাজি একই মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছেন। তবে গত সরকারের আমলে মন্টু হাজি প্রভাব খাটিয়ে তাঁর পরিবারের জমি বেশি দখল করে রাখেন। এই বিরোধকে কেন্দ্র করেই একটি মহলের প্ররোচনায় তাঁর বিরুদ্ধে সাজানো ও বানোয়াট সাংবাদিক সম্মেলন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই ষড়যন্ত্রে একজন চিহ্নিত মাদক সম্রাজ্ঞীকেও ব্যবহার করা হয়েছে।
তিনি গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে বলেন, "আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে হীন চেষ্টা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব।" সংবাদ সম্মেলনে জমি বিক্রেতা, বিএনপি নেতা-কর্মী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, প্রতিপক্ষ মন্টু হাজির ছেলে মোস্তাফিজুর রহমান রানা জানান, নূরুল আলম সিদ্দিকী তাদের পরে জমি ক্রয় করেছেন। আগে তাদের জমি বুঝিয়ে দেওয়ার পর সিদ্দিকী সাহেবের জমি বুঝিয়ে নেওয়ার কথা। এই নিয়েই মূলত বিরোধ। তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও বিএনপি নেতৃবৃন্দ বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছেন এবং তাঁরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান এ বিষয়ে জানান, নূরুল আলম সিদ্দিকীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।