![]() |
| জামালপুরে ৩৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা আল আমিন সিলু বহিষ্কৃত |
রাজনীতির আড়ালে মাদক কারবার: ইয়াবাসহ আটকের রাতেই পদ হারালেন সিলু
জামালপুরের মেলান্দহে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হওয়া আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন সিলুকে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৩ এপ্রিল রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আমিন সিলু এবং হাজরাবাড়ী পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলীকে (৩২) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন সিলু উপজেলার গুজামানিকা গ্রামের মজনু শেখের ছেলে এবং আইয়ুব আলী হাজরাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, এই দুই ব্যক্তি দীর্ঘ দিন ধরে রাজনীতির পরিচয় ব্যবহার করে এলাকায় মাদকের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তাদের গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সিলুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের সাথে জড়িত কেউ রাজনৈতিক পরিচয়ে পার পাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।