![]() |
| জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড |
ধর্ষণের বিরুদ্ধে কঠোর রায়: জামালপুরে ৩ আসামির ফাঁসির আদেশ
জামালপুর জেলা শহরে এক গৃহবধূকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় পাঠ করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথিপত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল, কালাম ও রুকু। তারা তাকে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে আটকে রাখে। সেখানে তারা প্রথমে রুকুর সাথে ভুক্তভোগী নারীর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারী কোনোক্রমে বাড়িতে ফিরে তাঁর স্বামীকে সব বিস্তারিত জানান। এরপর ওই দিনই তাঁর স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন দীর্ঘ দুই বছরে আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভুক্তভোগীর পরিবার। তারা আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।