![]() |
| মালঞ্চ গোল্ডকাপের শিরোপা জিতলো বাঁশচড়া একতা বয়েজ, রানার্স আপ মাহমুদপুর |
ট্রাইব্রেকারে রোমাঞ্চকর জয়: মালঞ্চ গোল্ডকাপে চ্যাম্পিয়ন বাঁশচড়া, রানার্স আপ মাহমুদপুর
জামালপুরের মেলান্দহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘মালঞ্চ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’–এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঁশচড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মাহমুদপুর কিশোর স্পোর্টিং ক্লাবকে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টায় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে মেলান্দহের মাহমুদপুর কিশোর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাঁশচড়া একতা বয়েজ। উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর তৎকালীন পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি জাহাঙ্গীর আলম ম্যাচটি পরিচালনা করেন এবং ধারাভাষ্য প্রদান করেন আনিসুর রহমান। ফাইনালে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ ছিল জাতীয় দলের তারকা ফুটবলারদের পাশাপাশি নাইজেরিয়া, বুলগেরিয়া ও মিশরের পেশাদার ফুটবলারদের উপস্থিতি, যা পুরো মাঠে ভিন্নমাত্রা যোগ করে।
ইউনাইটেড ট্রাস্টের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি আলহাজ ফজলুল কাদের হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, লন্ডনস্থ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চেয়ারম্যান ডা. এম.এ. আজিজ, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম হাফিজ নাহিন, নুরুন্নবী মন্ডল, ঢাকা কাস্টম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ মনোয়ার হোসেন, ইউনাইটেড ট্রাস্টের সুপারভাইজার আবুশামা, কর্মকর্তা শহিদুল্লাহ কালু এবং মালঞ্চ গোল্ডকাপ টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু ও যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।