![]() |
| উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার |
উল্লাপাড়ায় সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় সদ্যজাত শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধারে একটি রক্তমাখা কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। কাছে গিয়ে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, “সকালে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কে বা কারা লোকচক্ষুর আড়ালে নবজাতকটিকে এখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।