![]() |
| জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর প্রত্যাহার |
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর প্রত্যাহার
জামালপুরে সিএনজিচালিত অটোরিকশায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং নতুন সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন চালকেরা। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে আড়াই ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আটটার দিকে জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কের শহরের জাবেদ ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা আড়াআড়িভাবে দাঁড় করিয়ে আন্দোলন শুরু করেন ক্ষুব্ধ চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলার জন্য একমাত্র জাবেদ ফিলিং স্টেশনে গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ কিংবা চরম ব্যাহত হচ্ছে। ফলে জেলার বিভিন্ন উপজেলা থেকে চালকেরা ৪০-৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। দিনের পর দিন ১১-১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদামতো গ্যাস না পেয়ে কর্মহীন হয়ে পড়ার উপক্রম হয়েছেন শত শত ভাড়ায় চালিত অটোরিকশাচালক। এতে ক্ষুব্ধ হয়ে সকাল থেকে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আতিকুর রহমান বাবর জানান, সিএনজি পাম্প কর্তৃপক্ষের এতে কোনো গাফিলতি নেই। পাইপলাইনে গ্যাসের চাপ ও সরবরাহ না থাকায় চালকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আকতার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব এবং স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা আন্দোলনরত চালকদের দাবি পূরণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রশাসনের আশ্বাসের পর সকাল সাড় দশটার দিকে চালকেরা সড়ক ছেড়ে দিলে আড়াই ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আকতার বলেন, “জেলায় মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন হওয়ায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যার পাইপলাইনেও কিছুটা সমস্যা রয়েছে। জামালপুরে দ্বিতীয় একটি ফিলিং স্টেশন স্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। আমরা চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়েছি এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।