![]() |
| জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত |
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন।
আজ সোমবার (১০ আগস্ট) ভোর সাড় ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীনে ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী জজ এ কে এম ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারযোগে তাঁর কর্মস্থল জামালপুরে ফিরছিলেন। ভোরে গাড়িটি লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সহকারী জজ ছামিউল হক।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, রাতের বেলা রডবোঝাই ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় চালক ও হেলপার গাড়িটি বিপজ্জনকভাবে সড়কের ওপর দাঁড় করিয়ে রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন। কুয়াশা বা অসাবধানতাবশত প্রাইভেটকারটি এসে ট্রাকটির পেছনে সজোড়ে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।