![]() |
| বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন |
বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অডিটোরিয়াম ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের দেওয়া সকল অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিশুদের স্কুলমুখী করতে ও অবহেলা থেকে রক্ষা করতে মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরুর পাশাপাশি ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা চালু করেছে। পর্যায়ক্রমে দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের এই ভাতার আওতায় আনা হবে। এ ছাড়া শিক্ষিত বেকারদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে আধুনিকায়নে মহাপরিকল্পনার কথা ব্যক্ত করার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নকাজ শুরু করার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।
অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন প্রধান অতিথি।
L


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।