![]() |
| বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে একটি মাইক্রোফোন হাতে মঞ্চে কথা বলছেন |
(ads1)
কর্মজীবনের শুরুর দিকেই শুটিং সেটে এক পরিচালকের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১১ সালে ঘটা সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, সে সময় ঘটনাটির প্রকৃত অর্থ বা গুরুত্ব তিনি বুঝতে পারেননি। পরবর্তীতে ‘মি টু’ আন্দোলনের সময় অন্যান্য নারীদের অভিজ্ঞতা শোনার পরই নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা উপলব্ধি করেন তিনি।
ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। সে সময় কেরিয়ারের শুরুর ধাপে থাকা স্বরার বয়স ছিল কুড়ির কোঠার কোঠার প্রারম্ভে। সবেমাত্র মুক্তি পেয়েছে ‘তনু ওয়েড্স মনু’ ছবি। অভিনয়জগতে নিজের শক্ত অবস্থান তৈরির জন্য তখন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ইন্ডাস্ট্রিতে তখন তাঁর নিজস্ব কোনো পরিচিত নেটওয়ার্ক বা সহায়ক দল ছিল না, যার ফলে পেশাগত এই সংকটে নিজেকে বেশ একা ও অসহায় মনে হয়েছিল তাঁর।
অভিনেত্রী জানান, ওই পরিচালক তাঁকে শারীরিকভাবে স্পর্শ না করায় প্রথমে তিনি বুঝতে পারেননি যে এটি যৌন হেনস্থা। তাঁর ভাষায়, “কর্মক্ষেত্রে যে যৌন হেনস্থার শিকার হচ্ছি, সেই সময়ে আমি বুঝতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার গায়ে হাত দেননি।” কিন্তু বহু বছর পর ‘মি টু’ আন্দোলনের জোয়ারে অন্য সহকর্মীদের অভিজ্ঞতা পড়ার পর তাঁর উপলব্ধি হয় যে, সেটি পরিষ্কার একধরনের যৌন হেনস্থাই ছিল।
তবে দীর্ঘ ৫৬ দিনব্যাপী সেই ছবির শুটিং মাঝপথে ছেড়ে আসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। কেরিয়ারের ভিত গড়ার এই সময়ে কাজ হারানোর ভয়ে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। স্বরা জানান, “আমি ছবির কাজ ছাড়তে চাইনি। কাজ হারাতেও চাইনি। আমারও তো কিছু স্বপ্ন, কিছু উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেটা কি অন্যায়?”
অবশেষে পরিস্থিতির কথা তিনি ছবির কার্যনির্বাহী প্রযোজককে জানান। সৌভাগ্যবশত, সেই প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং শুটিংয়ের বাকি দিনগুলোতে তাঁকে সব ধরনের সুরক্ষা দিয়েছিলেন। সময়ের সঙ্গে তাঁদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং বর্তমানে তিনিই অভিনেত্রীর ম্যানেজার ও আপ্তসহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
(ads2)
অতীতের এই অভিজ্ঞতা থেকে বর্তমান প্রজন্মের তরুণী ও কেরিয়ারে নতুন পা রাখা নারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর ঠেকলে তা চেপে রাখা উচিত নয়। দ্রুত বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলা, সাহায্য চাওয়া এবং অন্যায় আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।