![]() |
| ঢ্যাঁড়শ রান্নায় পিচ্ছিল ভাব দূর করার ৫ সহজ কৌশল ও রান্নার নিয়ম |
ঢ্যাঁড়শ বা ভিন্ডি অনেকেরই প্রিয় সবজি। গরম ভাত বা রুটির সঙ্গে মুচমুচে ঢ্যাঁড়শ ভাজা কিংবা তরকারি দুপুরের খাবারে বাড়তি স্বাদ যোগ করে। তবে ঢ্যাঁড়শ রান্না করতে গেলে কাটার সময় হাত বা ছুরিতে আঠালো ভাব লাগা এবং রান্নার পরেও পিচ্ছিল হয়ে যাওয়ার সমস্যায় পড়েন অনেকেই।
এতে খাবারের স্বাদ ও দেখতে সুন্দর লাগার দিকটি ক্ষতিগ্রস্ত হয়।
সঠিক কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে এই চিপচিপে ভাব সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ঢ্যাঁড়শের পিচ্ছিল ভাব দূর করার ৫ কৌশল
১. ধোয়ার পর ভালো করে শুকিয়ে নেওয়া: ঢ্যাঁড়শ কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু ভেজা অবস্থায় কাটা যাবে না।
পরিষ্কার সুতির কাপড় বা টিস্যু দিয়ে প্রতিটি ঢ্যাঁড়শ মুছে নিতে হবে এবং প্রয়োজনে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি লেগে থাকলে রান্নার সময় পিচ্ছিল ভাব আরও বেড়ে যায়।
২. লেবুর রস বা টক দই ব্যবহার করা: রান্নার সময় সামান্য লেবুর রস যোগ করলে ঢ্যাঁড়শের আঠালো ও পিচ্ছিল ভাব অনেকটাই কমে।
বিকল্প হিসেবে অল্প টক দই বা তেঁতুলের পানিও ব্যবহার করা যায়, যা পিচ্ছিল ভাব কমানোর পাশাপাশি রান্নায় হালকা টক স্বাদ আনে।
৩. শুরুর দিকে মাঝারি থেকে বেশি আঁচে ভাজা: কড়াইয়ে তেল গরম করে ঢ্যাঁড়শ দেওয়ার পর প্রথম কয়েক মিনিট মাঝারি থেকে বেশি আঁচে ভাজলে সবজির অতিরিক্ত আর্দ্রতা দ্রুত বেরিয়ে যায়।
তবে এ সময় খেয়াল রাখতে হবে যেন ঢ্যাঁড়শ পুড়ে না যায়।
৪. ঢাকনা না দিয়ে রান্না করা: রান্নার শুরুতেই কড়াইয়ে ঢাকনা দিলে ভেতরে জলীয় বাষ্প জমে সবজি আরও পিচ্ছিল হয়ে ওঠে। তাই প্রাথমিক পর্যায়ে খোলা কড়াইতেই রান্না করা উচিত।
৫. ঘন ঘন নাড়াচাড়া না করা: ঢ্যাঁড়শ রান্নার সময় বারবার খুন্তি চালালে সবজি ভেঙে গিয়ে ভেতরের আঠালো উপাদান বেরিয়ে আসতে পারে।
মসলা মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে প্রয়োজনে আলতো করে নাড়তে হবে। পাশাপাশি লবণ একেবারে শেষের দিকে দিলে সবজি থেকে অতিরিক্ত পানি বের হওয়ার প্রবণতা কমে।
ঢ্যাঁড়শ কাটার সময় বাড়তি সতর্কতা
ঢ্যাঁড়শ কাটার আগে ছুরিতে সামান্য লেবুর রস মাখিয়ে নিলে কাটার সময় ছুরিতে আঠালো পদার্থ জমার সমস্যা কিছুটা কম হয়।
এই সহজ কৌশলগুলো মেনে চললে ঢ্যাঁড়শের চিপচিপে ভাব অনেকটাই দূর হয়ে রান্না ঝরঝরে থাকে এবং স্বাদও অটুট থাকে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।