ঢাকা কলেজ ও নজরুল : স্মৃতির অনুসন্ধান

Seba Hot News : সেবা হট নিউজ
শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান: ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী নজরুল ইসলামের স্মৃতি, অধ্যাপক সুরেন্দ্রনাথ মৈত্র ও সাহিত্য সমাজের প্রসঙ্গ উঠে এসেছে।
Dhaka College and Nazrul: A Search for Memory
ঢাকা কলেজ ও নজরুলের স্মৃতি: অধ্যাপক মৈত্র ও মুসলিম সাহিত্য সমাজের যোগসূত্র



অতীতের কোনো বিষয়ের সুনির্দিষ্ট প্রমাণক, আকর, নির্ভরযোগ্য বিষয়ের ঘটনাবলি যদি ইতিহাস, ঐতিহ্য বলতে পারি, তবে বলতেই হবে ঢাকা কলেজের  ইতিহাস-ঐতিহ্য গর্ব করার মতো। অসংখ্য কীর্তিমান ব্যক্তির জীবন ও কর্মের সঙ্গে জড়িয়ে আছে এ কলেজ। উপমহাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে অন্যতম প্রাচীন ও পথিকৃৎ প্রতিষ্ঠান ঢাকা কলেজ ১৮৪১ সালের ২০শে নভেম্বর প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার গৌরবময় যাত্রা শুরু করে। গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা কলেজ প্রতিষ্ঠার ১৮৬ বছর পূর্ণ হয়েছে। ইতিহাসের এই গৌরবোজ্জ্বল ও প্রগতিশীল অধ্যায় উদ্‌যাপন করা আমাদের সবারই দায়িত্ব। এ দায়িত্ব কেবল ঢাকা কলেজের প্রাক্তনী হিসেবে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবেও। নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে আসুন, ঢাকা কলেজের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা কিছু স্মৃতিময় অধ্যায়ের দিকে আলোকপাত করি।

প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা কলেজ জ্ঞানচর্চা, শিক্ষা, সংস্কৃতি ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অসংখ্য জ্ঞানী-গুণী, মনীষী ও কীর্তিমান ব্যক্তির পদস্পর্শ ও সংশ্লিষ্টতায় প্রতিষ্ঠানটি ধন্য হয়েছে। তাঁদের জীবন, কর্ম ও স্মৃতির সঙ্গে ঢাকা কলেজের ইতিহাসের রয়েছে এক সমৃদ্ধ যোগসূত্র।

উনিশ-বিশ শতকের গোড়ার দিকে অবিভক্ত বাংলার জনজীবন যাঁরা নিয়ন্ত্রণ করেছেন, তাঁরা প্রায় সবাই ঢাকা কলেজের ছাত্র ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম নিমন্ত্রিত বরেণ্য অতিথি হিসেবে একাধিকবার ঢাকা কলেজের (তখন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ নামে অভিহিত) ২৩তম ও ২৪তম প্রিন্সিপাল যথাক্রমে প্রফেসর অপূর্ব কুমার চন্দ (কার্যকাল ১৯২০-১৯২৬) [সমকালে ঔপনিবেশিক কায়দায় মিস্টার এ. কে. চন্দ নামে অভিজাতমহলে উচ্চারিত হতো] ও প্রফেসর সুরেন্দ্রনাথ মৈত্রের (কার্যকাল ১৯২৭-১৯৩৪) [সমকালে মিস্টার এস. এন. মিত্র] বাসভবনে এসেছেন, আন্তরিকভাবে সাক্ষাৎ করেছেন। [ঢাকায় রবীন্দ্রনাথ ॥ গোপালচন্দ্র রায় ॥ সাহিত্য সদন, কলকাতা ॥ প্রকাশ কাল ১৯৭২ ॥ পৃ. ৬৯ এবং বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা ॥ ভূইয়া ইকবাল॥ বাংলা একাডেমি ॥ জুন ১৯৯৩॥ পৃ. ৩৩]

নজরুলের সঙ্গে ঢাকা কলেজের গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোনো নজরুল গবেষক তেমনভাবে আলোকপাত করেননি। এমনকি ঢাকা কলেজের সঙ্গে নজরুলের স্মৃতির সংশ্লিষ্টতা প্রমাণে এ-সংক্রান্ত কোনো তথ্যাদি পূর্বে উপস্থাপিত হয়নি। আমার রচিত স্মৃতিকথা : বর্ধমান হাউসে নজরুল (আলোকায়ন, প্রকাশকাল ২০২৫) গ্রন্থে ঢাকা কলেজ ও নজরুল-সম্পর্কিত ইতিহাসের কয়েকটি অনালোচিত তথ্য ও প্রসঙ্গ তুলে ধরার প্রয়াস রয়েছে। আমরা সেই অনালোচিত অধ্যায়টির ওপর প্রাথমিক গবেষণা পরিচালনা করে ঢাকা কলেজের সঙ্গে নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে লেখাটি সম্পন্ন করার প্রয়াস নিয়েছি। 

ঢাকা কলেজ ও নজরুল : স্মৃতির অনুসন্ধান
ঢাকা কলেজের সঙ্গে জীবনদৃপ্ত ও তারুণ্যদৃপ্ত কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে রয়েছে গভীর একাত্মতায়। এ সময়ে ঢাকায় অবস্থানকালে পুরান ঢাকার বনগ্রাম এলাকায় রানু সোমের (পরবর্তীকালে বিশিষ্ট সাহিত্যিক ও সংগীতশিল্পী প্রতিভা বসু) বাড়িতে গিয়ে তাঁকে গান শেখাচ্ছেন নজরুল। সময় : ১৯২৮ খ্রিষ্টাব্দ।

ঢাকা কলেজের সঙ্গে কাজী নজরুল ইসলামের যোগসূত্র স্থাপিত হয় ১৯২৬ সালে এবং সেটা হয় এ কলেজের এ-মাটির যশস্বী প্রিন্সিপাল প্রফেসর অপূর্ব কুমার চন্দ ও প্রফেসর সুরেন্দ্রনাথ মৈত্রের মাধ্যমে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, যুক্ত বাংলার ডিপিআই প্রফেসর অপূর্ব কুমার চন্দ পরবর্তীকালে রবীন্দ্রনাথের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজ সেসব স্মৃতির ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। ঢাকা কলেজের সঙ্গে নজরুলের সম্পর্কের যোগসূত্র অন্বেষণ এ রচনার মূল উপজীব্য।


বিশ শতকের বিশ-ত্রিশ দশকের ঢাকা ছিল সংস্কৃতিমান একটি শহর। এই সময়কালে ঢাকা কলেজের প্রিন্সিপাল প্রফেসর সুরেন্দ্রনাথ মৈত্র। নানা পর্যায়ে ক্যাম্পাস স্থানান্তরের ধারাবাহিকতায় একসময় ঢাকা কলেজ এসে নীড় বাঁধে ঢাকার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন বর্তমান পুরাতন হাইকোর্ট ভবন (বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন) এলাকায়। সাদা দেয়াল ও বিশাল গম্বুজের এই ভবনটি মূলত আদালত হিসেবে নির্মিত হয়নি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর নবগঠিত ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের সরকারি বাসভবন হিসেবে এটি নির্মিত হয়। তবে গভর্নর এখানে বসবাস করেননি; থাকতেন মতিঝিলের দিলকুশায়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ভবনটির ব্যবহার পরিবর্তিত হয়। পরবর্তী সময়ে এখানে ঢাকা কলেজের কার্যক্রম পরিচালিত হয়। দেশভাগের পর ১৯৪৭ সালে ভবনটিতে হাইকোর্টের কার্যক্রম শুরু হয়। 


জানা যায়, ১৮৪১ সালে সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা কলেজের প্রথম ক্যাম্পাস স্থাপিত হয়। ১৯০৮ সালে কলেজটি স্থানান্তরিত হয় কার্জন হলে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ঢাকা কলেজ তার অবকাঠামো ও অবস্থান ছেড়ে পুরোনো হাইকোর্ট ভবনসংলগ্ন প্রদেশের ছোটলাটের (লেফটেন্যান্ট গভর্নর) ভবনে, অর্থাৎ বর্তমান সুপ্রিম কোর্ট এলাকায়, নতুন ঠিকানা খুঁজে নেয়।


১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সামরিক বাহিনী হাইকোর্ট ভবনটি দখল করে নেয়। ফলে ১৯৪৩ সালে তদানীন্তন ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজ-সংলগ্ন ভবনে (বর্তমান সরকারি কবি নজরুল কলেজের মূল ভবন) কিছু সময়ের জন্য ঢাকা কলেজের কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তী সময়ে গুলিস্তান-ফুলবাড়িয়া রেলস্টেশনসংলগ্ন সিদ্দিক বাজারের কয়েকটি ভবনেও কলেজের কার্যক্রম চলে। অবশেষে দীর্ঘ স্থানান্তর ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ১৯৫৫ সালে ঢাকা কলেজ বর্তমান ক্যাম্পাসে স্থায়ীভাবে নীড় বাঁধে।


সুরেন্দ্রনাথ মৈত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক, কবি ও সাহিত্যিক ছিলেন। সারা বাংলায় তাঁর খ্যাতি ছিল। তাঁর সময় ঢাকা কলেজের খ্যাতি প্রেসিডেন্সি কলেজকেও ছাড়িয়ে গিয়েছিল। সারা বাংলার এ কলেজ এক নম্বর কলেজ হিসেবে পরিগণিত ছিল। সুরেন্দ্রনাথ মৈত্র দাপ্তরিকভাবে নিজের নাম ছাড়াও সুরেশ্বর শর্মা, স্মৃতিশেখরসহ নানা নামে সমকালে পত্রপত্রিকা ও সাময়িকীতে লিখতেন। সেই সময় ‘সাহিত্যিকা’ নামে একটি সাহিত্য সংগঠন ছিল। এর সম্পাদক ছিলেন রথীন্দ্রকান্ত চৌধুরী। 


এ সংগঠনের মজলিসে সুরেন্দ্রনাথ মৈত্র যেতেন। তিনি মজলিশি ব্যক্তিত্বের পণ্ডিত ছিলেন এবং ছন্দে ছন্দে কবিতা লিখতেন। বাংলা ভাষায় প্রথম রবীন্দ্রনাথের পর সুরেন্দ্রনাথ মৈত্র হাইকুর রচনা করেন বলে জানা যায়। তাঁর ‘জাপানী ঝিনুক’ নামের গ্রন্থে হাইকুর রচনা রয়েছে। সুরেন্দ্রনাথ মৈত্র ঢাকায় প্রিন্সিপালের মেয়াদ শেষে কলকাতায় চলে যান। উল্লেখ্য, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী কাননবালাকে বিয়ে করেন সুরেন্দ্রনাথ মৈত্রের ভাই দ্বিজেন মৈত্রের ছেলে অশোক মৈত্র। 


সুরেন্দ্রনাথ মৈত্রের ‘ব্রাউনিং পঞ্চাশিকা’ অনুবাদ কবিতা সমকালে বিদগ্ধ সমাজে ভূয়সী প্রশংসিত হয়েছিল। গ্রন্থটির সমালোচনা ‘মোহাম্মদী’তে প্রকাশ পেলে সাহিত্য সমাজে আলোড়ন তুলেছিল। সমকালের পত্রপত্রিকায় সুরেন্দ্রনাথ মৈত্রের লেখা গুরুত্ব দিয়ে ছাপা হতো। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ এবং মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ‘শিখা’ পত্রিকায় তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সুরেন্দ্রনাথের পত্নী মিসেস মৈত্রও ছিলেন শিক্ষা-সংগীত-চিত্রকলার একজন অনুরাগী। তাঁরা দুজনই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং অবিভক্ত বাংলার ব্রাহ্মসমাজের দাতা ও সংগঠক ছিলেন। 


ব্রাহ্মসম্মিলনীর সমাজের সভ্যশ্রেণিভুক্ত হয়ে ঢাকা শহরের নানা কল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তাঁরা। পূর্ববাংলা ব্রাহ্মসমাজের সভ্যগণের তালিকায় তাঁদের ক্রমিক নম্বর ১১৬ ও ১১৭ ছিল। সুরেন্দ্রনাথ মৈত্রের ছাত্রদের মাঝে বিরাট প্রভাব ছিল। ত্রিশের দশকে বাংলার এই খ্যাতিমান শিক্ষক এবং তাঁর পরিবারের সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িয়ে আছেন গভীর একাত্মতায়। ১৯২৬ সালের ১৯শে জানুয়ারি ঢাকায় প্রগতিশীল সাহিত্য সংগঠন মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। সাহিত্য সমাজ একটি সর্বজনীন সংস্থা ছিল। 


সাহিত্য সমাজের নামের সাথে ‘মুসলিম’ শব্দটি যুক্ত থাকলেও এটি ছিল অসাম্প্রদায়িক সংগঠন। তারা সমকালের প্রয়োজনে ও বাস্তবতার নিরিখে ‘মুসলিম’ শব্দটি গ্রহণ করেছিলেন। এ সংগঠনের মূলমন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। ১৯২৭ সালে প্রকাশিত হয় এই প্রতিষ্ঠানের মুখপত্র বার্ষিক ‘শিখা’। ‘ শিখা’ পত্রিকার টাইটেল পৃষ্ঠায় ‘মুখবাণী’ হিসেবে লেখা থাকত : ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ এটিই ছিল তাঁদের জীবনদর্শন। এই জীবনদর্শনের সঙ্গে কাজী নজরুলের আদর্শের মিল ছিল। । 


তিনি এই গোষ্ঠীর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পূর্ব বাংলায় দ্বিতীয় নবজাগরণের সূচনা করেন। সাহিত্য সমাজের সদস্যরা সাহিত্য শব্দটিকে বিস্তৃত অর্থে শিল্পচর্চা, নারী শিক্ষা, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে মুসলমানদের দৃষ্টিভঙ্গি বদলাতে উৎসাহিত করতেন। পরবর্তীকালে শিখাসংশ্লিষ্ট আবুল হুসেন, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, আবদুল কাদির, আবুল ফজল, মোহাম্মদ কাসেম, আবদুল মজিদ সাহিত্যরত্নসহ প্রায় সকলেই সাহিত্য সমাজের সাথে কাজী নজরুলের যুক্ততা সম্পর্কে লিখেছেন।


 সাহিত্য সমাজ এগারো বছর পর অর্থাৎ ১৯৩৬ সালে নিষ্ক্রিয় হয়ে গেলেও বুদ্ধির মুক্তির চিন্তার আন্দোলন এক সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল এবং এ সংগঠনের অন্তর্যাত্রীরা আজীবন সেই ধারণাটাই পোষণ করেছেন। পূর্ব বাংলার বাংলা ভাষাভাষী মুসলমান সমাজে এই সংগঠন জাতির অগ্রগতি ও ইতিহাস বিনির্মাণে যথেষ্ট অবদান রেখেছে।


ঢাকা কলেজ ও নজরুল : স্মৃতির অনুসন্ধান
ঢাকায় ১৯২৬ সালের ৯ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা কলেজে (তখন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ) ভাষণ দেন। পরের দিন ১০ই ফেব্রুয়ারি বর্ধমান হাউসের (এখন বাংলা একাডেমি) সামনে তোলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার ও ঢাকা কলেজের তদানীন্তন অধ্যক্ষ অধ্যাপক অপূর্ব কুমার চন্দের একটি আলোকচিত্র।


সাহিত্য সমাজের অন্যতম  নেতৃস্থানীয় সদস্য ছিলেন সুরেন্দ্রনাথ মৈত্র (নজরুল তাঁকে ‘চক্রবাক’ উৎসর্গ করেন)। নজরুল এদেশে প্রথম ১৯১৪ সালে সপ্তম শ্রেণির ছাত্ররূপে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুরে দারোগা রফিজ উদ্দিনের বাড়িতে আগমনের পর ভারতীয় কেন্দ্রীয় আইন সভার নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজে ১৯২৬ সালের ২৪শে জুন প্রথম ঢাকায় আগমন করেন। ১৯২৬ সালের ২৭-২৮শে জুন মুসলিম হলে অনুষ্ঠিত সাহিত্য সমাজের বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তিনি সুরেন্দ্রনাথ মৈত্রসহ সাহিত্য সমাজের অনেক কর্মী, বিদ্বৎজনদের সঙ্গে মিলিত হন ও পরিচয় হয়। সুরেন্দ্রনাথ মৈত্রের পরিবারের সঙ্গে নজরুল বিশেষ পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে সংগীতের সম্পর্ক গড়ে উঠে। নজরুল মৈত্রেয় দম্পতির একমাত্র কন্যা উমা মৈত্র ওরফে নোটনকে গান শেখাতেন। নজরুলের শিল্পীমনে এই পরিবারের মনোরম ছবি ‘শিউলিমালা’ গল্পে ও ‘চক্রবাক’ কাব্যের কয়েকটি কবিতায় বিধৃত রয়েছে। সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের বর্ধমান হাউস ছাত্রাবাসের [বর্ধমান হাউস তখন মুসলিম হলের অন্তর্ভুক্ত, বর্তমানে বাংলা একাডেমি] হাউস টিউটর তরুণ শিক্ষক কাজী মোতাহার হোসেনের সঙ্গে নজরুলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।


 এরপর কবি নজরুল যতবারই ঢাকায় এসেছেন প্রতিবারই নিমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রেয়র বর্তমান সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ এলাকায় ঢাকা কলেজ প্রাঙ্গণের বাসায় অনেকবার গিয়েছেন। 


১৯২৭ সালের ২৭-২৮শে ফেব্রুয়ারি সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সম্মেলনের নিমন্ত্রণ পেয়ে কাজী নজরুল ঢাকায় আসেন। 


প্রথম বার্ষিক সম্মেলনের উদ্বোধন সংগীত তাঁর ‘খোশ আমদেদ’ গানটি দিয়ে শুরু হয়। নজরুল এ সফর সময়ে এমন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যা তাঁর জীবন ও সাহিত্যে গভীর রেখাপাত করে। সাহিত্য সমাজের বার্ষিক কার্যক্রমের মুখপত্র ‘শিখা’ পত্রিকার প্রথম সংখ্যা কাজী নজরুলের গান দিয়ে শুরু হয়েছিল। ‘শিউলিমালা’ (১৯৩১) গল্পগ্রন্থ ও ‘চক্রবাক’(১৯২৯) কাব্যগ্রন্থে কবি যে চিত্র ফুটিয়ে তুলেছেন তা এ সময় ঢাকায় অবস্থানকালীনেরই প্রতিচ্ছবি। 


সমকালে অবিভক্ত বাংলায় কাজী নজরুলের ছাত্রদের মাঝে অসম্ভব জনপ্রিয় ছিলেন। এই জনপ্রিয়তার জন্য অবিভক্ত বাংলার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকে কাজী নজরুলকে নিমন্ত্রণ করা হতো। কাজী নজরুল এসবের আমন্ত্রণ রক্ষা করতেন। এরই ধারাবাহিকতায় সাহিত্য সমাজের ১৯২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক সম্মেলনের যোগদানের আমন্ত্রণ পেয়ে ঢাকায় এলেন। এই সম্মেলন তাঁর লেখা ‘নতুনের গান’ (চল্ চল্ চল্) শীর্ষক গানটি গেয়ে উদ্বোধন করা হয়। গানটি রণসংগীতের মর্যাদা পেয়েছে। এ সফরে সুরেন্দ্রনাথ মৈত্রের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড় হয়। কাজী নজরুল ও সুরেন্দ্রনাথ মৈত্র উভয়ই আদর্শের মিল ছিল। তাঁরা দুজনেই ছিলেন অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন। সুরেন্দ্রনাথ মৈত্র একজন বিশিষ্ট দাবাড়ু ছিলেন। কাজী নজরুলও দাবা খেলায় অনুরাগী ছিলেন। বয়সের ব্যবধান ছাপিয়ে দুজনের মধ্যে এই সহমর্মিতার ফলে নিবিড় বন্ধুত্ব গড়ে। এই দুজনের বিশেষ পরিচয়ের কথা সমকালীন স্মৃতিকথামূলক গ্রন্থে অনেকেই লিখেছেন। 


সুরেন্দ্রনাথ মৈত্রের প্রতি কাজী নজরুলের বিশেষ প্রীতি লক্ষ করা যায় কাজী নজরুলের ‘চক্রবাক’ (১৯২৯) কাব্যগ্রন্থের উৎসর্গপত্রের দীর্ঘ কবিতায়। এই কবিতাটি হলো : 

উৎসর্গ 

বিরাট প্রাণ, কবি, দরদী— 

প্রিন্সিপাল শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মৈত্র 

শ্রীচরণারবিন্দেয় 

দেখিয়াছি হিমালয়, করিনি প্রণাম, 

দেবতা দেখিনি, দেখিয়াছি স্বর্গধাম।... 

সেদিন প্রথম যবে দেখিনু তোমারে, 

হে বিরাট, মহাপ্রাণ, কেন বারেবারে 

মনে হল এতদিনে দেখিনু দেবতা! 

চোখে পুরে এল জল, বুক পুরে কথা। 

ঠেকিল ললাটে কর আপনি বিস্ময়ে, 

নব লোকে দেখা যেন নব পরিচয়ে। 

কোথা যেন দেখেছিনু কবে কোন লোকে, 

সে স্মৃতি দেখিনু তব অশ্রুসিক্ত চোখে। 

চলিতে চলিতে পথে দূর পথচারী 

আসিলাম তব দ্বারে, বাহু আগুসারি’ 

তুমি নিলে বক্ষে টানি, কহ নাই কথা, 

না কহিতে বুঝেছিলে ভিখারীর ব্যথা। 

মুছায়ে পথের ধূলি অফুরাণ স্নেহ— 

নিন্দা-গ্লানি-কলঙ্কের কাঁটা-ক্ষত দেহে 

বুলাইলে ব্যথা-হরা স্নিগ্ধ শান্ত কর, 

দেখিনু দেবতা আছে আজো ধরা ’পর! 

         (২)

নূতন করিয়া ভালো বাসিনু মানবে, 

যাহারা দিয়াছে ব্যথা তাহাদেরি স্তবে 

ভরিয়া উঠিল বুক, গাহি নব গান! 

ভুলি নাই, হে উদার, তব সেই দান। 

উড়ে এসেছিনু ভগ্নপক্ষ চক্রবাক 

তব শ্রভ্র বালুচরে, আবার নির্ব্বাক 

উড়িয়া গিয়াছি কবে, আজো তার স্মৃতি 

হয়ত জাগিবে মনে শুনি’মোর গীতি! 

শায়ক বিঁধিয়া বুকে উড়িয়া বেড়াই 

চর হতে আন-চরে, সেই গান গাই!... 

ভালো বেসেছিলে মোরে, মোর কণ্ঠে গান, 

সে গান তোমারি পায়ে তাই দিনু দান! 

[উদ্ধৃতি : নজরুল-রচনাবলী ॥ চতুর্থ খণ্ড ॥ রফিকুল ইসলাম ও অন্যান্য (সম্পা.) ॥ বাংলা একাডেমি॥ মে ২০১৫ ॥ চক্রবাক ॥ পৃ. ৩]


নজরুল তাঁর ‘চক্রবাক’ কবিতাগ্রন্থ উৎসর্গ করেন সুরেন্দ্রনাথ মৈত্রকে, অপরদিকে সুরেন্দ্রনাথ মৈত্র তাঁর ‘অন্তঃসলিল’(১৯৩৮) কবিতাগ্রন্থ উৎসর্গ করেছিলেন কাজী নজরুলকে। ঢাকায় কাজী নজরুলের সাহিত্য সমাজের সম্মেলনে বরেণ্য নিমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান প্রসঙ্গে নজরুলের বন্ধু কাজী মোতাহার হোসেন স্মৃতিচারণ করে লিখেছেন : 


“এরপর নজরুল ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে উক্ত মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক অধিবেশনেও ঢাকায় এসেছিলেন। আমি তখন বর্ধমান হাউসের হাউসে টিউটর হিসেবে উক্ত ভবনের দোতলায় বাস করতাম। নজরুল ইসলাম সেবার মাসাধিককাল আমার সঙ্গে ছিলেন।...


এবারে বনগাঁর অধিবাসিনী প্রতিভা সোম ওরফে রানু সোম,—(বর্তমানে বুদ্ধদেব বসুর স্ত্রী) [পরবর্তীকালে প্রতিভা বসু, নজরুল তাঁকে ‘চোখের চাতক’ উৎসর্গ করেন]  এবং রমনা হাউসের অধিবাসিনী উমা মৈত্র ওরফে নোটন—(ঢাকা কলেজের প্রিন্সিপ্যাল সুরেন্দ্র মৈত্রের একমাত্র কন্যা) এই দুইজনের সঙ্গে কবির বিশেষ পরিচয় হয়। রানু ও নোটন দুইজনেরই পিতামাতা ও পরিবারবর্গের সঙ্গে আমার ও আমার পরিবারবর্গের সবিশেষ পরিচয় ছিল।... 


প্রিন্সিপাল মৈত্রের একমাত্র সন্তান নোটন ছিল অপরূপ সুন্দরী। দিলীপ রায় ঢাকায় এসে প্রধানত প্রফেসর সত্যেন বোসের বাড়িতেই [১৯২৬, ১৯২৭, ১৯২৮ সালে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বর্তমান জাতীয় প্রেসক্লাবের তদানীন্তন লাল ভবনে বসবাস কালে কাজী নজরুল ইসলামসহ অনেকে আতিথ্য গ্রহণ করেছেন] উঠতেন। ইনি সেখানে এবং প্রফেসর বোসের বন্ধুদের বাড়িতেও গানের আসরে নিমন্ত্রিত হয়ে গান গাইতেন। তাই তিনি আমাদের বাড়িতেও দু একবার এসে গান শুনিয়েছেন; তাছাড়া মৈত্র মশায়ের বাড়িতে, রূপ বাবুর বাড়িতে, ধানকোড়া জমিদার বাড়িতেও এবং অন্যত্রও—কার্জন হল, জগন্নাথ হল ও অন্যান্য প্রতিষ্ঠানেও—গান করতেন। তবে কণ্ঠ-সঙ্গীতে নোটনের তেমন অনুরাগ ছিল না। সে ছিল চিত্রশিল্পী ও সেতারী; বিখ্যাত সেতার-শিল্পী হায়দার আলীর কাছে তার সেতার শিক্ষা বিকশিত হয়। তাই দিলীপ রায়ের বা নজরুলের গানের সঙ্গে নোটন সেতারের সংগীত করতেন। এর বাপ-মা দুজনেই কিছুটা বিলাতী ধরনের ব্রাহ্ম ছিলেন। সাহিত্য, শিল্প, সংগীত, চিত্র প্রভৃতির অনুরাগীরা এঁদের বন্ধু-শ্রেণির অন্তর্গত ছিলেন। তাছাড়া একজন বিশিষ্ট বন্ধু ছিলেন।” 


[কাজী মোতাহার হোসেন, স্মৃতিচিত্র, উদ্ধৃতি, তোমার সাম্রাজ্যে, যুবরাজ, হায়াৎ মামুদ, জ্যোতিপ্রকাশ (সম্পা.), সেপ্টেম্বর ১৯৯৯, কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা, পৃ. ৯৬-৯৭]


বিশের ত্রিশের দশকে কাজী নজরুল কবি-গায়ক, রাজনৈতিককর্মী হিসেবে নজরুল জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন। তিনি ছিলেন তরুণ যুব সমাজের শিরোমণি। নজরুলকে নিয়ে মজলিস মানেই গান-কবিতা-বক্তৃতার আড্ডা। সুরেন্দ্রনাথ মৈত্রের সঙ্গে নজরুলের সম্পর্ক বরাবর সৌহার্দের ও শ্রদ্ধাবোধবিজড়িত। এর মূলে রয়েছে উভয়ের জীবনাদর্শ। দুজনেই প্রগতিতে বিশ্বাসী। মুক্তবুদ্ধির সাধক বলেই কাজী নজরুল ও সুরেন্দ্রনাথ মৈত্রের মধ্যে মিল ঘটেছে। 


১৯৩১ সালের জুন মাসে নাট্যকার মন্মথ রায়, শিল্পী অখিল নিয়োগী, অন্যান্যসহ কাজী নজরুল ইসলাম দার্জিলিং সফরে গিয়েছিলেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দার্জিলিং সফরে ছিলেন। নজরুল তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সুরেন্দ্রনাথ মৈত্রের পরিবারও তখন দার্জিলিঙে অবস্থান করেছিলেন। নোটনের পাশ্চাত্য সংগীতে বিশেষ দখল ছিল। তিনি অসাধারণ পিয়ানো বাজাতে পারতেন। নজরুল এই সফরে প্রায়ই নোটনের পিয়ানো শুনতেন। দার্জিলিং সফরে কাজী নজরুলের সঙ্গে জাহানারা বেগম চৌধুরীর পরিচয় হয়েছিল। নজরুল একটি গানে নোটনকে অমর করে রেখেছেন। এই গানটি হলো : 

না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল

না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল (রানী)

এমনি এসো (ওগো) লুটিয়ে পিঠে আকুল এলোচুল।।

সজ্জা-বিহীন লজ্জা নিয়ে

এমনি তুমি এসো প্রিয়ে

গোলাপ ফুলের রঙ মাখাতে হয় যদি হোক ভুল।।

গৌর দেহে নাই জড়ালে গৌরী চাঁপার শাড়ি

ওগো ভূষণ পরে না-ই বা দিলে রূপের সাথে আড়ি।

যেমন আছ তেমনি এসো

নয়ন তুলে একটু হেসো

সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় কুল।। 


[উদ্ধৃতি : নজরুল-রচনাবলী ॥ ষষ্ঠ খণ্ড ॥ রফিকুল ইসলাম ও অন্যান্য (সম্পা.) ॥ বাংলা একাডেমি ॥ সেপ্টেম্বর ২০১৮॥ গানের মালা ॥ পৃ. ১৯৪]


নোটন প্রসঙ্গে স্মরণীয় এ গান নজরুল তাঁর ব্যক্তিগত অনুভূতি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন পেয়েছে। 


নোটন প্রসঙ্গে ও দার্জিলিং সফর সম্পর্কে জাহানারা বেগম চৌধুরী (১৯১৩–১৯৮২) তাঁর স্মৃতিচারণে লিখেছেন—

‘একবার কবি দা দার্জিলিং-এ আমাদের সঙ্গে মাস দুয়েক ছিলেন। সেটা ছিল ১৯৩১ সালের বৈশাখ-জ্যৈষ্ঠ মাস। তখন রবীন্দ্রনাথও দার্জিলিং—দিনেন্দ্রনাথ, প্রতিমা দেবী, মৈত্রী দেবীসহ সপরিবারে ছিলেন। প্রফেসর সুরেন্দ্রনাথ মৈত্রও কাছাকাছি থাকতেন। কবি দা আমাদের সঙ্গে নিয়ে প্রায়ই গুরুদেবের ওখানে যেতেন, দিনেন্দ্রনাথের সঙ্গেও গান বাজনা এবং কবিতা নিয়ে বিশেষত আরবি-ফারসি কবিতার ছন্দ ও গজল ইত্যাদি গানের সুর সম্বন্ধে তুলনামূলক আলোচনা হতো। প্রফেসর সুরেন্দ্রনাথ মৈত্রের মেয়ে নোটন মৈত্রের পাশ্চাত্য সঙ্গীতে বিশেষ দখল ছিল। নোটন দি খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন। ওঁদের কাছে প্রায় রোজই যেতে হতো, পিয়ানো না শুনিয়ে কবি দার কাছ থেকে নোটনদির রেহাই ছিল না।’ 


নজরুলের কিছু অপ্রকাশিত রচনা প্রসঙ্গে আবদুল মান্নান সৈয়দ উদ্ধৃতি : শতবর্ষে নজরুল, রফিকুল ইসলাম (সম্পা.) কবি নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০০১, পৃ. ৬৮৬


সময়ে সময়ে স্থান ঠিকানা পরিবর্তন হলেও ঢাকা কলেজ ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে চলেছে। ঢাকা কলেজ পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। নজরুল আমাদের জাতীয় চেতনা ও প্রেরণার চিরদিনের অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় নজরুলের সঙ্গে ঢাকা কলেজের সম্পর্ক দেশ-কাল বাস্তবতার পটভূমিতে এর ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ও প্রাসঙ্গিকতা কখনো ফুরিয়ে যাবে না। এ কলেজের প্রাঙ্গণে তাঁর আগমন, ছাত্র-শিক্ষকদের সঙ্গে মধুর স্পর্শের স্মৃতি চিরদিন অম্লান। এ কলেজের গৌরবের এই ধারাবাহিকতা ধরে রাখবে আগামী প্রজন্মও আমাদের এমনই আশাবাদ। প্রাক্তনীরা এতেই গৌরব অনুভব করি। সকল যুগের সকল ছাত্রের পক্ষ থেকে আমরা বলতে পারি ঢাকা কলেজের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধুর স্মৃতি আমাদের চিরদিনের অহংকার ও গর্ব।


লেখক : প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক।


 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

আনোয়ার হোসেইন মঞ্জু : অনন্য সাধারণ একজন অনুবাদক
আনোয়ার হোসেইন মঞ্জু : অনন্য সাধারণ একজন অনুবাদক
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসা সেবা
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসা সেবা
লেখক আবদুল্লাহ আল-হারুন : সংক্ষিপ্ত জীবন-কথা
লেখক আবদুল্লাহ আল-হারুন : সংক্ষিপ্ত জীবন-কথা
বহুমাত্রিক মির্জা সাহেব : ইতিহাসের অনালোচিত অধ্যায় 'সাপ্তাহিক তওফিক'
বহুমাত্রিক মির্জা সাহেব : ইতিহাসের অনালোচিত অধ্যায় 'সাপ্তাহিক তওফিক'
মিনহাজ উদ্দিন শপথের ‘হাইকু ক্যানভাস’ : কিছু কথা
মিনহাজ উদ্দিন শপথের ‘হাইকু ক্যানভাস’ : কিছু কথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান