![]() |
| বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ |
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ, প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন এবং অবশেষে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন—এই পথচলা পেরিয়ে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ৬২তম জন্মদিন পালন করছেন তারেক রহমান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমানের জীবনে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত অবস্থায় এটিই প্রথম জন্মদিন।
একসময় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বাধ্য হওয়া এবং দীর্ঘদিন দেশের বাইরে থাকা তারেক রহমানের আজ সরকারপ্রধান হয়ে ওঠাকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি আলোচিত অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংগ্রাম, ধৈর্য, সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন।
তারেক রহমানের পারিবারিক পটভূমি ও সাংগঠনিক যাত্রা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাজনৈতিক পরিবেশেই বেড়ে ওঠেন তারেক রহমান। তবে পারিবারিক পরিচয়ের পাশাপাশি ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন এবং ধীরে ধীরে তৃণমূলে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে মা বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন তিনি; যার সবকটিতে খালেদা জিয়া জয়লাভ করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে সক্রিয় ছিলেন তারেক রহমান। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। পরে ২০০২ সালে তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। সে সময় দেশজুড়ে তৃণমূল প্রতিনিধি সভার মাধ্যমে দলকে সুসংগঠিত করার উদ্যোগ নেন তিনি।
তারেক রহমানের কারাবরণ, নির্বাসন ও দীর্ঘ রাজনৈতিক লড়াই
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ নানা স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেটিই প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনে রূপ নেয়।
বিদেশে অবস্থান করলেও বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরে যাননি তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, কর্মসূচি নির্ধারণ ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার কাজ চালিয়ে যান। আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে বিএনপিকে মামলা, হামলা ও গ্রেপ্তারের মতো নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়; তারেক রহমান নিজেও একাধিক মামলার সম্মুখীন হন, তাঁর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয়।
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। ওই কঠিন সময়ে প্রবাস থেকেই দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখা ও কার্যক্রম সচল রাখার দায়িত্ব পালন করেন তিনি।
গণ-অভ্যুত্থান, তারেক রহমানের প্রত্যাবর্তন ও সরকার গঠন
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে এবং দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।
এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়।
তারেক রহমানের পরিকল্পনা, জনকল্যাণ ও সামনের চ্যালেঞ্জ
দেশে ফেরার পর ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। গত নয় মাসে তাঁর সরকারের কর্মকাণ্ডে সেই পরিকল্পনার নানা দিক তুলে ধরার চেষ্টা চলছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ, শ্রমজীবীদের আর্থিক সহায়তা, হেলথ কার্ড, মেয়েদের উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধ এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার মতো উদ্যোগ রয়েছে। পাশাপাশি খাল খনন, বৃক্ষরোপণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকেও সাদামাটা জীবনযাপন, সাধারণ পোশাক, প্রটোকল এড়িয়ে চলা এবং ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার মতো বিষয়গুলো তাঁর কর্মধারার অংশ হিসেবে আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রেক্ষাপটে প্রতিশোধের বদলে পরিস্থিতি শান্ত রাখা ও আইনশৃঙ্খলা রক্ষার ওপর জোর দেওয়ার পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, সরকার পরিচালনা ও দল পরিচালনা ভিন্ন বিষয়। সুশাসন, জবাবদিহি, আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করাই নতুন সরকারের সামনে বড় পরীক্ষা। ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।