![]() |
| রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬ |
(ads1)
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিশুদের সঠিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’।
সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে টিকে থাকতে এবং শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন অংশীদারেরা অংশ নিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী বাংলা একাডেমি প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এই আন্তর্জাতিক মানের সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন:
- জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
- জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান
- জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
- জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
- উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "বর্তমান সময়ে শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু। সন্তানের যত্ন কে নেবে—এই অনিশ্চয়তার কারণে অনেক নারী কর্মস্থলে যেতে পারেন না কিংবা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।
এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি।" বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনের কিছু জটিলতা দূর করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনটি সংশোধন করা হবে বলে তিনি জানান। পাশাপাশি সরকার কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বেসরকারি উদ্যোক্তাদেরও বিশেষ সুবিধা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানবসম্পদের যথাযথ ব্যবহারে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কর্মসংস্থানে যুক্ত করতে এবং শিশুদের জীবনযাত্রার মান উন্নত করতে সরাসরি ভূমিকা রাখে।
ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, মানসম্মত শিশুযত্ন একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর অপরিহার্য অংশ। মায়েদের যদি সন্তান লালন-পালন ও কর্মজীবনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তবে কখনো একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুযত্নকে একটি পূর্ণাঙ্গ খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো নারীদের অবৈতনিক ও বেতনভুক্ত যত্নকাজের মূল্যায়ন করা এবং প্রতিটি শিশুর মানসম্মত সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা। বৈশ্বিক গবেষণার বরাত দিয়ে জানানো হয়, মানসম্মত শিশুযত্ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী মানবসম্পদ তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অনন্য অবদান রাখে।
(ads2)
তবে বর্তমান প্রেক্ষাপটে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ প্রণীত হলেও এর বাস্তবায়ন, অর্থায়ন, মান নিয়ন্ত্রণ এবং দক্ষ জনবল তৈরিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য মানসম্মত শিশুযত্ন সেবা এখনো বেশ ব্যয়বহুল। সম্মেলনে আয়োজিত বিভিন্ন প্যানেল আলোচনা ও কর্মশালায় এসব চ্যালেঞ্জ উত্তরণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেওয়া হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।