![]() |
| জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি |
(ads1)
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান এবং যেকোনো ধরনের জোরপূর্বক পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর অংশ হিসেবে সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা এবং শক্তিশালী সার্চ লাইট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জামালপুরের ধানুয়া কামালপুরসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে এই কার্যক্রমের সূচনা করা হয়। বিজিবির এই সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সীমান্তবর্তী সাধারণ মানুষ।
আরও পড়ুন:
- জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান
- জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
- জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
- উল্লাপাড়ায় নিখোঁজের চার ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
- এরেন্ডাবাড়িতে বিএনপি মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে তীব্র ক্ষোভ
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলা মিলিয়ে মোট ৭২ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে।
এই বিস্তৃত সীমান্ত এলাকা সুরক্ষার দায়িত্বে রয়েছে বিজিবি ৩৫ ব্যাটালিয়ন। দীর্ঘদিন ধরে এই সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাতের আঁধারে বিভিন্ন অপচেষ্টার ঘটনা ঘটে আসছে।
সম্প্রতি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে অবৈধভাবে পুশইনের চেষ্টার ঘটনার পর সীমান্ত নিরাপত্তা জোরদারে বাড়তি এই উদ্যোগ নেয় বিজিবি।
সার্বক্ষণিক নজরদারির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলো নির্বাচন করে ৩৫টি সিসি টিভি ক্যামেরা এবং ১৭টি উচ্চ ক্ষমতার সার্চ লাইট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে দিনের ২৪ ঘণ্টাই ডাবল মনিটরিং ও নজরদারি চালানো সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দীর্ঘদিন ধরে সার্চ লাইট ও সিসি ক্যামেরা ব্যবহার করে আসছে। অনেক সময় রাতের সুযোগ নিয়ে চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হতো।
বিজিবির এই উদ্যোগে সীমান্তের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সঙ্গে পর্যায়ক্রমে পুরো ৭২ কিলোমিটার সীমান্তেই এই সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপনের দাবি জানান স্থানীয়রা।
(ads2)
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান গণমাধ্যমকে বলেন, "জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১৭টি সার্চ লাইট ও ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। নিয়মিত টহল দলের পাশাপাশি এখন থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। এর ফলে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ আরও ফলপ্রসূ হবে এবং পর্যায়ক্রমে পুরো সীমান্তকেই এই নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।