![]() |
| ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন সাইদুর রহমান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সাইদুর রহমান |
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার লবিং ও তোড়জোড়ের অভিযোগ উঠেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নৌকার পক্ষে কাজ করা এবং দলের পদধারী নেতা হয়েও হঠাৎ খোলস পাল্টে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে।
(ads1)
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। এর অংশ হিসেবে গত ১২ নভেম্বর সাইদুর রহমান নামে এক ব্যক্তি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৬ নম্বর এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে বিএনপি বনে যান সাইদুর রহমান। উপজেলা বিএনপির প্রভাবশালী কিছু নেতাকে ম্যানেজ করে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া ছাড়াও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে সক্রিয় ছিলেন তিনি। এমনকি ২০২৪ সালের নির্বাচনে নৌকার পক্ষে প্রকাশ্য মিছিলে অংশ নেওয়া এবং ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, ৫ আগস্টের আগের দিনও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আটকের জন্য থানায় তালিকা সরবরাহ করেছিলেন এই আওয়ামী লীগ নেতা। এমন একজন ব্যক্তি কীভাবে বা কার আশীর্বাদে বিএনপির মতো ঐতিহ্যবাহী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, তা নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা ও প্রশ্ন দেখা দিয়েছে।
এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সাইদুর রহমান একজন কাতারবন্দি আওয়ামী লীগ নেতা। উপজেলা বিএনপির কিছু নেতার যোগসাজশে তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি।"
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির অন্য এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থেকে যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছেন, তারা যদি বিএনপির মনোনয়ন পান, তবে আমাদের রাজনীতি ছাড়ার উপক্রম হবে।"
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সরকার গণমাধ্যমকে জানান, "স্থানীয়ভাবে মনোনয়ন ফরম বিতরণের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং তারাই ফরম বিক্রি করছেন। তবে এরেন্ডাবাড়ির সাইদুর রহমান যদি সত্যিই আওয়ামী লীগের কোনো পদ-পদবীতে থেকে থাকেন, তবে তাঁকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই।"
(ads2)
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মনোনীত ফরম সংগ্রহকারী আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।