![]() |
| রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার |
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রহ্মপুত্র নৌঘাট এলাকায় মনগড়া ও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে তীব্র ভাঙনঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে যেকোনো মুহূর্তে বিশাল আকৃতির চরটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
(ads1)
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙন বন্ধ হয়ে বড় একটি চর জেগে ওঠে। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়মনীতি উপেক্ষা করে নির্বিচারে ড্রেজিং চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড়শ মিটারে অন্তত দুই একর জায়গায় ড্রেজিং করা হয়েছে, যার প্রস্থ ১২০ ফুট এবং গভীরতা রয়েছে প্রায় ৩০ ফুট। অভিযোগ রয়েছে, সামনের শুষ্ক মৌসুমে বলগেট দিয়ে নৌঘাট এলাকায় বালুর স্তূপ তৈরি করে তা বাণিজ্যিকভাবে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।
শর্ত ভঙ্গের অভিযোগ ও বর্তমান পরিস্থিতি:
বিআইডব্লিউটিএ-এর নির্দেশিকায় রৌমারীর ফলুয়ার চর নৌঘাট থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নাব্য সংকট দেখা দিলে বা নৌকা চলাচলে বিঘ্ন ঘটলে নির্দিষ্ট দূরত্বে ড্রেজিং করার কথা বলা হয়েছে। এছাড়া তীরবর্তী স্থাপনা বা জনগণের কোনো ক্ষতি না করার কড়া শর্ত রয়েছে। তবে নির্দেশনার তোয়াক্কা না করে সরাসরি নৌঘাটের পাশ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, দিন-রাত চব্বিশ ঘণ্টা ধরে চলা এই অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ইতোমধ্যে প্রায় দেড় একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবাদ করতে গেলে প্রভাবশালী চক্রটি স্থানীয়দের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। দ্রুত এই ড্রেজিং বন্ধ করা না হলে আশপাশের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার চরম আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস
- বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
- বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
নৌঘাট ইজারাদার মো. তৌহিদুল ইসলাম দাবি করেন, "পানির পরিমাণ কমে যাওয়ায় ঘাটটি কিছুটা দূরে সরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং আমাদের লোকসান হচ্ছে। তাই ড্রেজিং করা হচ্ছে।"
তবে বিআইডব্লিউটিএ-এর উপসহকারী প্রকৌশলী নির্মল কুমার রায় জানান, অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের বিষয়ে তাঁর জানা নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী (পুর) সমীর চন্দ্রপাল বলেন, "নৌকার স্বাভাবিক চলাচলের জন্য কিছু কিছু জায়গায় ড্রেজিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌঘাট এলাকায় এভাবে চরে ড্রেজিং করার বিষয়টি আমার জানা নেই।"
(ads2)
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, "শুনেছি নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না, তারা সরাসরি ঘাটের পাশেই ড্রেজিং করছে। আমি বিষয়টি সরেজমিন তদন্ত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।