নারী দলের পাকিস্তান সফর, আগে নিরাপত্তা দল পাঠাবে বিসিবি

S M Ashraful Azom
এ বছরের শেষ দিকে জাতীয় নারী ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে প্রতিনিধি দল পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আগামী সপ্তাহেই প্রতিনিধি দলটি পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নারী ক্রিকেটাররা অবশ্য বৃহস্পতিবার থেকে ১৬ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের জন্য ক্যাম্প শুরু করতে যাচ্ছেন। ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে দলটির কোচ জেসি গামাগের কাছে রিপোর্ট শেষে শুক্রবার থেকে মিরপুর একাডেমির মাঠে অনুশীলন ক্যাম্প করবেন।
পাকিস্তান সফরটি হোক বা না হোক ২৬ জন নারী ক্রিকেটারকে ডাকা হয়েছে এই ক্যাম্পে। শুধু দক্ষিণ আফ্রিকার সফরই নয়, নারী ক্রিকেটাররা নভেম্বরের শেষ সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্যও প্রস্তুতি নেবে এই ক্যাম্পে। থাইল্যান্ডের বাছাই টুর্নামেন্টটিতে তারা ‘এ’ গ্রুপে স্বাগতিকদের পাশাপাশি  আয়ারল্যান্ড ও পাপুয়া নিউগিনির মোকাবেলা করবে।
এদিকে পাকিস্তানে নিরাপত্তা খতিয়ে দেখতে দল পাঠানো প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি ক্রিকইনফোকে জানান, অনধিক দুই সদস্যের প্রতিনিধি দল পাকিস্তান পাঠানো হবে। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল পাকিস্তান যাচ্ছে। ইতোমধ্যেই আমরা পিসিবিকে এ বিষয়ে জানিয়েছি। অতএব, এটি একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রতিনিধিদলের পাকিস্তান যাত্রা দু’একদিনের মধ্যে নিশ্চিত করা হবে। অক্টোবরে মহিলা দলের পাকিস্তান সফর হতে পারে।’
গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের বাংলাদেশ সফরের পর এ সফরের সম্ভাবনা দেখা দেয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি গত সপ্তাহে জানিয়েছিলেন, প্রস্তাবিত সফরের জন্য এ নিরাপত্তা পরিদর্শন হবে দ্বিতীয় ধাপ। কেননা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা বোঝার জন্য পাকিস্তানস্থ বাংলাদেশ হাইকমিশনকে তারা এরই মধ্যে একটি চিঠি দিয়েছেন।

তিনি বলেন, ‘পিসিবি আমাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। আমাদের মহিলা দল দেশের বাইরে খেলার খুব বেশি সুযোগ পাচ্ছে না। পাকিস্তান আমাদের একটা প্রস্তাব দিয়েছে, আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। সবকিছু যদি ঠিক থাকে এবং আমাদের মহিলা দল সেখানে যেতে রাজি হয়... আরো অনেক বিষয় রয়েছে। সফর চূড়ান্ত হতে এখনো অনেক কিছু বাকি আছে।’
বাংলাদেশ দলের পাকিস্তান সফরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ২০১২ সালে বিসিবির একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করেছিল। শেষ পর্যন্ত সে সফরটি বাতিল হয়ে গিয়েছিল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top