নিয়মিত নাটক ও টেলিফিল্ম অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। গত রোজার ঈদের ব্যস্ততা কাটতেই সামনে কোরবানির ঈদ নিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠছে শোবিজ অঙ্গন। তবে মৌটুসি কোরবানি ঈদের নাটকের কাজ শুরু করেননি এখনও। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ আগস্ট থেকে নাটকের কাজ শুরু করবেন তিনি। এছাড়া রোজার ঈদে তিনটি নাটকে অভিনয় করেছেন মৌটুসি, যেগুলোতে ভালো সারা পেয়েছেন বলে জানান তিনি।
তবে এতো আশার ভিড়েও প্রতিবারই বিজ্ঞাপন নিয়ে হতাশার কথা ব্যক্ত করছেন সবাই। এ প্রসঙ্গে মৌটুসি বলেন, ‘আমরা অনেক কষ্ট করে দর্শকদের জন্য অভিনয় করি, কিন্তু যখন কোনো টিভি চ্যানেলে সেই নাটকটি সম্প্রচার করা হয় তখন অতিরিক্ত মাত্রায় বিজ্ঞাপনের জন্য দর্শকদের কাছে ভালো কাজগুলোও বিরক্তিতে পরিণত হয়। এমনকি বিজ্ঞাপনের জ্বালায় নিজের অভিনয় দেখতেও বিরক্তি লাগে। আসলে এজন্য আমাদের সরকার কর্তৃক একটি ব্যবস্থা উচিত। আশা করি অতি দ্রুত চ্যানেলগুলোর এই বিজ্ঞাপন বিরম্বনা থেকে দর্শকরা মুক্তি পাবে।’
ছোটপর্দাতে নিয়মিত এই অভিনেত্রী বড়পর্দায় দেখা নেই অনেকদিন। চলতি সময়ও নেই কোনো চলচ্চিত্র ব্যস্ততা। চলচ্চিত্রের প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্র সবারই একটা ভালোলাগার জায়গা। তবে বিভিন্ন কারণে নিয়মিত এই মাধ্যমে কাজ করা হয় না। আউটডোরে কাজ করি না বলে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পাওয়ার পরও কাজ করা হয়নি। আসলে চলচ্চিত্র করার জন্য আমি চলচ্চিত্রে অভিনয় করি না, আমি চলচ্চিত্রে কাজ করি আমার মনের ভালোলাগা থেকে। তাই একটু ভিন্নধর্মী চলচ্চিত্র ছাড়া কাজ করতে ভালো লাগে না। আর আমার কমার্শিয়াল চলচ্চিত্র করার কোনো ইচ্ছে নেই।’

