শক আফটার শক, কাঁপুনি-ধরানো এই কম্পন কবে যে থামবে, জানে না নেপাল। ঠিক একশো দিন আগে, ২৫ এপ্রিলের ভয়াবহ ভূকম্পনে লণ্ডভণ্ড হয়ে যায় নেপাল। ধ্বংসস্তূপে চাপা পড়ে স্মৃতিবিজড়িত ইতিহাস। মৃত্যু হয় হাজারে হাজারে মানুষের। সেই রেশ কাটেনি।
এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য একশো দিন যথেষ্ট নয়। কিন্তু, সেই ভয়াবহতা ভুলতে পারছে না নেপাল। ভুলবেই বা কী করে!
১০০ দিনে ৩৬৮ বার যদি পায়ের নীচে মাটি কেঁপে ওঠে, নড়বড়ে তো লাগবেন। রেকর্ড বলছে, ২৫ এপ্রিলের পর ৩৬৮ বার ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে। আফটার শক। রিখটার স্কেলে কোনওটার কম্পাঙ্ক ৪-এর নিচে নয়।
এমনকী শুক্রবার সকাল ১১টা ৫৭ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। কম্পনের উৎসস্থল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্প হয়েছে বৃহস্পতিবার রাতেও। উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ১১০ কিলোমিটার দূরে।
এই শঙ্কা আরও বাড়িয়ে তুলেছে, ভূ-বিজ্ঞানীদের সতর্কবাণী। ২৫ এপ্রিলের মতোই ভয়াবহ ভূমিকম্প হতে চলেছে নেপাল ও ভারতে। উত্তর ভারত ও পশ্চিম নেপালেই ভূমিকম্পের আশঙ্কা করছেন তাঁরা।
