যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিত্সা শেষে সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
জেএফকে বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শফিক রেহমান, ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভুইঁয়া মিলটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ঢাকার সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, মির্জা ফখরুল ইসলামের বন্ধু রফিকুল ইসলাম প্রমুখ।
বিমাবন্দরে নিউইয়র্কের টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করছে, তাতে তারা সফল হবে। আর বিএনপিও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন চালানোর চেষ্টা অব্যাহত রাখবে।
তিনি বলেন, দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রাম করছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্পেস দরকার। সে স্পেস হলে মানুষ তার অধিকার আদায় করতে পারবে।
তিনি বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং তা অব্যাহত থাকবে। আর বিএনপি রাজনৈতিক দল হিসেবে সে ভূমিকা রাখছে।
মির্জা ফখরুল বলেন, দেশে যে অচলাবস্থা চলছে তার অবসান হবে। গ্রেফতারকৃত দলীয় নেতা-কর্মীদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শত শত নেতা-কর্মী আটক আছেন। আশা করি, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা মুক্ত হয়ে আসবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, যুক্তরাষ্ট্রে চিকিত্সা করাতে এসে রোগের কিছুটা প্রশমন হয়েছে এবং ভালো অনুভব করছি।
উল্লেখ্য, গত ১১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে যান। সিঙ্গাপুরে দুই-এক দিন থাকার পর ঢাকার উদ্দেশে রয়ানা হবেন তিনি।

