নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মেয়াদ
উর্ত্তীণ পানীয় প্রাণ আপ খেয়ে আব্দুল কাদের নামের (১৬) এক তরুণ মারা গেছে।
কাদেরের বাড়ি উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কান্দুরার মোড় গ্রামে। তার
বাবার নাম মুন্সি জবির উদ্দিন। সে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গতকাল সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আব্দুল কাদের।
নিহতের
পারিবারিক সুত্র জানায়, ঈদের দিন সন্ধ্যায় আব্দুল কাদের তার দুই বন্ধু
শাহীন আলম (১৮) ও মোশরেকুল (২০) মিলে ভগ্নিপতি শাহীনের বাড়ী খুটামারা
গ্রামে দাওয়াত খেতে যায়। রাতের খাবারের পর ভগ্নিপতি শাহীন জলঢাকা শহরের তেল
পাম্পের মোড়ের “মিলন-ইমরান ষ্টোর” নামের একটি মুদি দোকান থেকে এক বোতল
প্রাণ আপ নিয়ে আসে। প্রাণ আপ খাওয়ার পর মধ্যরাতে তিনজন বিষক্রিয়ায় আক্রান্ত
হয়। পরদিন সকালে অসুস্থ্য অবস্থায় শাহীন আলম এবং আব্দুল কাদের কে
কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুটামারা গ্রামের মোরশেকুলকে জলঢাকা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ
সময় এস এস সি পরীক্ষার্থী আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাকে রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল সোমবার বিকেলে চিকিৎসাধীন
অবস্থায় আব্দুল কাদের মারা যায়। তার মুত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুটিমারী
ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন।
কিশোরগঞ্জ
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াশাদ
মাহবুব বলেন, পানীয় জাতীয় পদার্থের বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছিল সম্ভবত
সেই দ্রব্যটি বিষাক্ত ছিল। পরে খোঁজ নিয়ে দেখা যায় প্রাণ আপের বোতলটি
মেয়াদ উত্তীর্ণ ছিল।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
