মিনায় নিহত বাংলাদেশের ১৫ হাজি, নিখোঁজ ১১

S M Ashraful Azom
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে গতকাল রবিবার পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নিখোঁজ রয়েছেন আটজন। নিখোঁজ হওয়া শরিয়তপুরের এমএ রাজ্জাক ও তার স্ত্রী হাসিনা আক্তারের মৃত্যুর খবর পেয়েছে তাঁদের পরিবার। কিন্তু প্রশাসন তা নিশ্চিত করেনি। আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন আরো কয়েকজন। উদ্বেগ উত্কণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
 ফেনী প্রতিনিধি জানান, মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন চারজন। আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে এখবর পাওয়া গেছে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কলিম উদ্দিন মুন্সি বাড়ির নূরন্নবী মিন্টু (৬৯) ও একই উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শুলাখালি গ্রামের তাহেরা বেগম (৭৩),  একই উপজেলার শুয়াখালী গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী নূর জাহান, পরশুরাম উপজেলার চিথলীয়ার জয়নাল আবদীনের স্ত্রী খালেদা আক্তার।
যারা নিখোঁজ রয়েছেন তাদের বাড়িতে চলছে আহাজারি। ফেনী পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেমের কোন খোঁজ পাওয়া যায়নি। ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার জানান, আমরা শুনেছি মিনায় পদদলতি হওয়ার ঘটনায় ফেনীর চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ হয়েছেন । আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। সঠিক সংবাদ পেলে আমরা তা নিশ্চিত করবো।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সৌদি আরবে পদদলিত হয়ে নিহতদের মধ্যে মুন্সীগঞ্জের জাহানারা আরজু রয়েছেন। তবে তার বাড়ি মুন্সীগঞ্জের কোন গ্রামে তা এখনও নিশ্চিত করা যায়নি।  মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, পদদলিত হওয়ার  ঘটনায় মাদারীপুর রাজৈর উপজেলার বারেক মোড়ল (৭৫) নামের একজন মারা গেছেন বলে পারিবারিকভাবে বলা হয়েছে। এই ঘটনায় ঈদের দিন স্থানীয়ভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায়  তার স্ত্রী আলেয়া বেগম আহত হন।
কসবা (ব্রা?হ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, হুড়োহুড়ির সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হয়ে মারা যান কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের গোলাম মোস্তফা খালেক (৬০)। বাংলাদেশ রেলওয়ের টেলিকম বিভাগের (টিসিএম) অবসরপ্রাপ্ত কর্মচারী গোলাম মোস্তফা খালেক স্ত্রী রওশন আরা মৃধাকে নিয়ে এবার হজ করতে যান। তার ছেলে ইয়াছিন জানান, বৃহস্পতিবার মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে আমরা আব্বুর মৃত্যুর খবর পাই। ঘটনার সময় আমার আব্বা আম্মাকে রক্ষা করতে গিয়েই মারা গেছেন। আম্মা পড়ে যাওয়ার পরই আব্বা তাকে জড়িয়ে ধরে পড়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আব্বাই চলে গেলেন।
একই ঘটনায় আরো মারা যান কসবা উপজেলার খাড়েরা গ্রামের নূরুল ইসলাম ভূঁইয়ার ছেলে জাহেদুল ইসলাম ভূঁইয়া স্বপন (৪০)। ছোট ভাই খাইরুল ইসলাম ভূঁইয়া জীবনকে নিয়ে হজ পালন করতে যান জাহেদুল ইসলাম ভূঁইয়া স্বপন। নিহতের বড় ভাই আমিনুল ইসলাম ভূঁইয়া তপন জানান, বৃহস্পতিবার বিকালে আমার ছোট ভাই খাইরুল ইসলাম ভূঁইয়া জীবনের মাধ্যমে স্বপনের মৃত্যুর খবর পাই। মর্গে পরিচয়পত্র দেখে তার লাশ শনাক্ত করা হয়। 
শরীয়তপুর প্রতিনিধি জানান, হজের সময় পদদলিত হয়ে শরীয়তপুরের একজন মারা গেছেন। নিখোঁজ অথবা নিহত হয়েছেন আরো দুইজন। তাদের পরিবারের সদস্যরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। মৃত ব্যক্তি হলেন, গোসাইরহাট উপজেলার চরধীপুর গ্রামের আহম্মেদ আলী মৃধা। তাকে শনিবার মদিনায় দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার মৃত্যু সম্পর্কে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। একটি সূত্রে বলা হয়েছে, মিনায় পদদলিত হওয়ার পর এজেন্সির লোকেরা তাকে তাঁবুতে নিয়ে আসেন। সেখানে তিনি মারা যান। অন্য খবরে বলা হয়েছে, তাঁবুতে বিশ্রাম নেয়ার সময় প্রচণ্ড গরমে তিনি মারা যান।
আর জাজিরা উপজেলার ভানু মুন্সির কান্দি গ্রামের এমএ রাজ্জাক ও তার স্ত্রী হাসিনা আক্তারের এখনো খোঁজ  পাওয়া যায়নি। এমএ রাজ্জাকের পুত্র রুবায়েত ইসলাম বলেন,আমার বাবা মা পদদলিত হয়ে মারা গেছেন এমন তথ্য হজ এজেন্সির কাছ থেকে পেয়েছি। কয়েকজন আত্মীয় সৌদিতে গিয়েছিলেন। তারাও তাদের মৃত্যুর খবর জানিয়েছে। কিন্তু কেউ তাদের মরদেহ দেখেননি। তারা মদিনায় আমার বাবা মায়ের ব্যাগ কুড়িয়ে পেয়েছে। বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের পক্ষ থেকে তাদের মৃত্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি। আমরা এখনও জানি না তাদের পরিণতি কি হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন,  সৌদি আরবের মদিনায় পদদলিত হয়ে তিন ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয়ভাবে ও গণমাধ্যমে জেনেছি। সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
মদন (নেত্রকোণা) সংবাদদাতা জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসানপুর খন্দকার বাড়ির শওকত খান (৬৫), তার স্ত্রী রৌশনারাকে (৫৮) নিয়ে হজ করতে সৌদি আরবে যান। মিনায় পদদলিত হয়ে স্বামী স্ত্রী দু’জনই আহত হন। পরে শুক্রবার হাসপাতালে স্ত্রী রৌশনারা মারা যান এবং স্বামী শওকত খান চিকিত্সাধীন রয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, মিনায় পদদলিত হয়ে আবদুল লতিফ নামে একজন হাজী নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে। এসময় আহত হন তাঁর স্ত্রী ও এক ছেলে। হতাহতের খবরে আবদুল লতিফের বাড়িতে চলছে শোকের মাতম।
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, মিনার ঘটনার পর পিরোজপুরের স্বরূপকাঠির মো. হারুন অর রশিদ (৪৭) ও তার শাশুড়ি মমতাজ বেগম (৫৭) নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা। হারুন অর রশিদ ও মমতাজ বেগমের বাড়ি উপজেলার সোহাগদল গ্রামে।
খুলনা অফিস জানায়,  সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে রয়েছেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সানিয়াতুল বিদা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। গতকাল রবিবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া খুলনা মহানগরীর দেয়ানা বাউন্ডারি রোড এলাকার বাসিন্দা শেখ গোলাম কিবরিয়া পিপু’র (৩৭) কোন সন্ধান মিলছে না।
সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান,  সৌদি আরবে হজ করতে গিয়ে সস্ত্রীক নিখোঁজ হওয়া সাভার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাভারের আমিনুর রহমান নামে একজন পদদলিত হয়ে মারা গেছেন বলে যে তথ্যটি প্রকাশ করা হয়েছে তা সাভার পৌর কাউন্সিলর আমিনুর কিনা তা নিশ্চিত হতে পারেনি তার পরিবার। আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর হজ করতে তার বাবা আমিনুর রহমান ও মা আলেমা বেগম সৌদি আরব যান।
জামালপুর প্রতিনিধি জানান, হজ করতে গিয়ে পদদলিত হয়ে জামালপুর সদর উপজেলার পৌর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা  ফিরোজা খানম (৬০) মারা গেছেন। স্কুল শিক্ষিকা ফিরোজা খানম, তাঁর মেজো ছেলে মোজাহারুল ইসলাম শামীম ও তাঁর ভাগ্নে শফিউল ইসলামকে নিয়ে সৌদি আরবে হজ করতে যান। পদদলিত হয়ে স্কুল শিক্ষিকা ফিরোজা খানম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভাগ্নে শফিউল ইসলাম গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, দিনাজপুরের বোচাগঞ্জ থেকে সৌদি আরবে হজ করতে গিয়ে করমত আলী (৭০) মিনায় পদদলিত হয়ে মারা গেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top