শেষ আটে মুখোমুখি দুই উইলিয়ামস

S M Ashraful Azom
একসময় যে দৃশ্য প্রায় নিয়মিতই দেখা যেতো টেনিস অঙ্গনে, সময়ের আবর্তে সেটাই হয়ে গেছে প্রায় বিরল। তবে ক্যারিয়ার সায়াহ্নে এসেও বেশ উইলিয়ামস বোনদের সেই লড়াই এখনো সেই পুরনো আলোড়নই তোলে টেনিস ভক্তদের মনে। কাঙ্ক্ষিত সেই লড়াই দেখা যাবে চলতি ইউএস ওপেনেই। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন দু’বোন। শীর্ষ বাছাই সেরেনা পেশাদার ক্যারিয়ারে ২৭তম বারের মতো মুখোমুখি হবেন বড় বোন ও ২৩তম বাছাই ভেনাসের।

কাল চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে সেরেনা ও ভেনাস সরাসরি সেটে জয় নিয়ে প্রস্তুতিটাও বেশ ভালোভাবেই সেরেছেন। ইউএস ওপেন শুরুর আগেই টুর্নামেন্টের ড্র জানিয়েছিল, প্রথম রাউন্ড থেকে নিজ নিজ খেলায় জয় পেলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে সেরেনা ও ভেনাসের। শেষ পর্যন্ত হলোও তাই।

সেই ছোটবেলা থেকে খেলছেন ভেনাসের সাথে। সেরেনার শক্তিমত্তা-দুর্বলতা সম্পর্কে সবকিছুই জানেন ভেনাস। এই বিষয়টাই ম্যাচটাকে কঠিন করে তুলেছে জানিয়ে সেরেনা বলেন, ‘(তার সাথে খেললে) মনে হয় আয়নায় নিজের বিরুদ্ধেই যেন খেলছি!’

বিপরীতক্রমে, ভেনাস এগিয়ে রাখছেন সেরেনাকে। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সেরেনা সম্পর্কে বলতে গিয়ে ৩৫ বছর বয়সী এবং চলতি টুর্নামেন্টে নারী এককের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় ভেনাস বলেন, ‘তার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন। আপনি শুধু তার শটটি ফিরিয়ে দিয়ে ভাবতে পারেন সে যেন এমন কোন সার্ভ না করেন আপনি যার কাছেই ভিড়তে পারবেন না!’

 সেই ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দেখা হয়েছিল দু’জনার। এরপর গত ১৭ বছরে মুখোমুখি হয়েছেন ২৬ বার। প্রথম সাক্ষাতের বিজয়ী ভেনাস জিতেছেন ১১টি। সেরেনা জিতেছেন ১৫টি। সর্বশেষ লড়াইয়েও জয়টি সেরেনারই। গ্র্যান্ড স্ল্যামে ১৩ বারের মুখোমুখিতায় আটবার জিতেছেন সেরেনা। অন্যদিকে, ইউএস ওপেনে চারবার মুখোমুখি হয়ে দু’বার করে জিতেছেন দু’জন। বড় বোনের বিরুদ্ধে শেষ আটের টিকিট নিশ্চিত করতে সেরেনা চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন তারই স্বদেশী ১৯তম বাছাই ম্যাডিসন কেসের। ম্যাচের শুরু থেকেই স্বরূপেই ছিলেন সেরেনা। ফলে প্রথম সেট জিততে মোটেও বেগ পেতে হয়নি তাকে। মাত্র ২৭ মিনিট সময় ঘাম ঝরিয়েই ৬-৩ গেমে সেটটি জিতে নেন সেরেনা। 

ম্যাচে এগিয়ে গিয়ে নির্ভার হননি ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। দ্বিতীয় সেটেও ছিলেন আক্রমণাত্মক। তাতেই খেই হারিয়ে ফেলেন ম্যাডিসন। ফলে এই সেটটি ৬-৩ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। দ্বিতীয় সেট নিষ্পত্তি হতে সময় লাগে ৪১ মিনিট। তাই ম্যাচ শেষে উত্ফুল্ল সেরেনা বলেন, ‘আমার নিজের খেলা নিয়ে আমি গর্বিত। বিশেষভাবে এ ম্যাচে সার্ভগুলো দারুণ হয়েছে।’

সেরেনার মত সরাসরি সেটে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ভেনাসও। তবে সেরেনার চাইতে অনেক বেশি সহজে। সেরেনা যেখানে ১ ঘন্টা ৮ মিনিটে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতেছেন, সেখানে প্রতিপক্ষ অবাছাই ইস্তনিয়া অ্যানেট কনটাভেইটের বিপক্ষে মাত্র ৫০ মিনিটেই ম্যাচ জিতেছেন উইলিয়ামস পরিবারের বড় কন্যা ভেনাস। ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যে প্রথম সেট ৬-২ গেমে জিতে দারুণ শুরু করেন ভেনাস। আর পরের জিততে ২৬ মিনিট সময় নেন তিনি। দ্বিতীয় সেটের স্কোর ছিলো ৬-১।

—ইয়াহু স্পোর্টস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top