যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে বাংলাদেশ সরকার আরো কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে এক বিবৃতিতে এই অভিযোগ উপস্থাপন করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩০তম অধিবেশনের শুনানিতে এনফোর্সড অর ইনভলান্টারি ডিজাপেয়ারেন্সেস বিষয়ে যৌথ বিবৃতি প্রদান করেছে এশিয়ান লীগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি), এফআইডিএইচ ও এএফএডি। বাংলাদেশের জোরপূর্বক গুমের অব্যাহত ঘটনাগুলো অবিলম্বে বন্ধ করার বিষয়ে এ বিবৃতি দেয়া হয়।
জেনেভায় এইচআরডব্লিউ’র উপ-পরিচালক ফিলিপ্পি ড্যাম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শুনানিতে ওই বিবৃতিতে বলেছেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ অধিকতর স্বৈরশাসনের পথে এগোচ্ছে। গুম ও বিরোধী দলের সদস্যদের বিধিবহির্ভূত গ্রেপ্তার করা, সরকারের সমালোচক গণমাধ্যম বন্ধ করা, এবং সম্পাদক, ব্লগার, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের গ্রেপ্তার ও অভিযুক্ত করা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। হাজার হাজার বিরোধী দলীয় সদস্য ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক মানুষ জেল-হাজতে রয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলীয় বহু নেতা দেশ ছাড়া বা আত্মগোপনের পথ বেছে নিয়েছেন। নাস্তিকতার অনুভূতি প্রকাশকারী ব্লগারদের সুরক্ষা দিতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। যার ফলে শুধু ২০১৫ সালেই ৪ ব্লগার নির্দয়ভাবে খুন হয়েছেন। রানা প্লাজা ধসের পর শ্রমিক ইউনিয়ন গঠন সহজীকরণের জন্য আইন পরিবর্তন করা হয়েছিল। কিন্তু, গবেষণায় দেখা যাচ্ছে যারা তৈরি পোশাক খাতে শ্রমিক ইউনিয়ন গঠন করতে আগ্রহী বা যারা ইউনিয়নে যোগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রয়েছে।

