ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। কেউ বা ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার ফাঁদে পড়ে গতকাল প্রাণ হারিয়েছে ১৫ জন। সুনামগঞ্জের ছাতকে বিমানবাহিনীর এলএসিসহ মারা গেছেন চারজন। টাঙ্গাইল, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় তিনজন করে, বরগুনায় ঢাবি শিক্ষার্থীসহ মারা গেছেন দুজন। ইত্তেফাকের ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ছাতক (সুনামগঞ্জ): ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদে ট্রাক ও অটোরিকশার মখোমুখি সংঘর্ষে বিমানবাহিনীর এলএসিসহ চারজন নিহত হয়েছেন। আহত দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— সিএনজি যাত্রী বিমানবাহিনীর এলএসসি মহিবুর রহমান, জগন্নাথপুরের জগদীশ দাসের স্ত্রী জলি রানী দাস, জামালগঞ্জের হরিপদ দাস ও সুনামগঞ্জের মতিলাল চক্রবর্তী।
চট্টগ্রাম:নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় তিন পথচারী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন— কুমিল্লার মুরাদনগর থানার মো. জয়নাল (৫৫), নোয়াখালীর রামগতি থানার মো. নাঈম (২০) ও লক্ষ্মীপুরের কমলনগরের মো. মিজান (২০)। গতকাল সকাল পৌনে নয়টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল: বুধবার টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হন। এরা হলেন— গোপালপুরের সুদেব ঘটক (৩৮) ও বগুড়ার শিবগঞ্জের বুলবুল (৪৫)। আহত চারজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী এলাকার রহম আলী (৫০) নামে এক গরু ব্যবসায়ী রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া:ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় তিন নারী নিহত হয়েছে। এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এরা হলেন— বাছির মিয়ার স্ত্রী শামসুন নাহার (৩৫), আবদুল জামালের স্ত্রী আজিজা (৬০) ও মতিমিয়ার স্ত্রী আফিয়া (৪৫)।
বরগুনা (উত্তর): জেলার আমতলী-পটুয়াখালী সড়কে চুনাখালী এলাকায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ঢাবি ছাত্র উজ্জ্বল কুমার সহদেব (২৪) ও মোটর সাইকেল চালক মনির সিকদার (৩২)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন নামের অপর জনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চরফ্যাশন (ভোলা): ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দির মোড়ে মোটর সাইকেল ও একটি যাত্রীবাহী টেম্পো রাস্তার পাশের খাদে পড়ে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। আহতরা হলেন এসআই জাহাঙ্গীর হোসেন (৪৫), এএসআই শামীম (৩২) প্রমুখ। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

