ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ‘হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রঞ্জিত চন্দ্র সরকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ জানান, গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য দৌড়ে ঐ ট্রেনে উঠতে চেষ্টা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রঞ্জিত চন্দ্র সরকার। ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে তিনি পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিত্সাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের বাকরপুর গ্রামে। বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ঐ ট্রেনেই মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ স্টেশনে পৌঁছেন। প্রাকৃতিক কাজ সারার জন্য তিনি স্টেশন সুপারের কক্ষে যান। প্রাকৃতিক কাজ সেরে এসে দেখেন ট্রেন ছেড়ে দিচ্ছে, ঐ সময় দৌড়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনে কাটা পড়েন। তিনি ২ মেয়ে, ১ ছেলে, স্ত্রী, মাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি এর আগে পিআইবির মহাপরিচালক ছিলেন। লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

