বিশ্বজুড়ে সাংবাদিকদের ‘ব্রেকিং নিউজ’ এর যোগানদাতা মাইক্রোব্লগিং সাইট টুইটার। সামাজিক যোগাযোগের এক নম্বর ওয়েবসাইট ফেসবুক এবার টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে নিয়ে এলো নতুন সুবিধা ‘সিগনাল।
এই সুবিধা ব্যবহার করে সাংবাদিকরা দেড়শো কোটি ফেসবুক ব্যবহারকারী থেকে প্রাসঙ্গিক বিভিন্ন ট্রেন্ড, ছবি, ভিডিও পোস্টগুলো থেকে নিজের প্রয়োজনীয় সংবাদ খুঁজে নিতে পারবেন। একই সুবিধা তারা ব্যবহার করতে পারবেন ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং সাইট ৩০ কোটি ব্যবহারকারী সংবলিত ইনস্টাগ্রামেও। ফেসবুকের মিডিয়া পার্টনারশিপ বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল বলেন, আমরা সাংবাদিকদের কাছে ফেসবুককে আরো সংবাদ সংগ্রহবান্ধব করার আবেদন আগে থেকেই শুনে আসছিলাম। আমরা বেশ আগ্রহের সঙ্গে তাদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘সিগনাল’ সুবিধাটি যোগ করতে যাচ্ছি। সম্পুর্ণ বিনামূল্যের এই সুবিধা ব্যবহার করে সাংবাদিকরা এখানে সংবাদ, সংস্কৃতি, খেলা, বিনোদন সংক্রান্ত সংবাদযোগ্য তথ্য খুঁজে নিতে পারবেন।

