ভারিবর্ষণে মিয়ানমারের পাহাড়ি এলাকা মাওচিতে ভূমিধসে কমপক্ষে মারা গেছেন ৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার এই ভূমিধসের ঘটনার কথা মিডিয়ায় জানিয়েছে দেশটির সরকার। গ্লোবালটাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকেল থেকে শুরু হওয়া ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় পাহাড়ি এলাকার দুটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসে মাটির সঙ্গে মিশে গেছে গ্রামের ৩০টি বাড়ি। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দুর্যোগপ্রবণ এলাকায় পৌঁছেছে উদ্ধারকর্মীরা। ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে ৩টি আশ্রয় শিবির খুলেছে মিয়ানমার সরকার। মূলত বিদ্যালয় ও হাসপাতালেই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

