মুন্সীগঞ্জের
ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকার চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায়
আরো এক স্কুলছাত্রসহ চারজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা
আশংকাজনক।
রবিবার সন্ধ্যার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
স্কুলছাত্ররা হলো, হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র
শুভ (১২) ও সৌরভ (১৩)। শুভ ও সৌরভ সম্পর্কে চাচাতো ভাই। শুভর বাবা সিরাজুল
ইসলাম ও সৌরভের বাবা মো. জাহাঙ্গীর। তারা স্কুল ছুটির পর হাসাড়া থেকে
বাড়িতে ফিরছিল। আহত স্কুলছাত্র তরিকুলসহ বাকি তিনজন ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকারের যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার
পর থেকে উত্তেজিত জনতা ওই মহাসড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি
হয়। এতে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ
তুলে নেয় জনতা।

