একে অন্যের বিপরীতে এখনও কাজ করার সুযোগ হয়নি বলিউডের ড্যাশিং অভিনেতা ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের। এবার বোধহয় সেই আফসোস ঘুচতে চলেছে উভয়েরই। সব খবর যদি কেবলই গুজব না হয় তবে ‘আশিকি-৩’ ছবির মাধ্যমে প্রথমবারের মত রুপালী পর্দায় এক সঙ্গে হাজির হবেন ঋত্বিক-দীপিকা জুটি। মিউজিক্যাল হিট ‘আশিকি-২’ ছবির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল নব্বই দশকের বিখ্যাত ‘আশিকি’র সিক্যুয়েলে বানানো ছবিটি। ছবিতে অভিনয় দিয়ে বাজিমাত করেছিলেন আদিত্য রায় কাপর ও শ্রদ্ধা কাপর জুটি। বলিউডে তাদের পরিচিতি হয়েছিল নতুন ভাবে। সেই ‘আশিকি-২’ এর সাফল্যে অনুপ্রাণিত হয়েই নির্মাতা এবার উঠেপড়ে লেগেছেন ‘আশিকি’ সিরিজের তৃতীয় কিস্তি বাজারে আনার। অন্তত এমন তথ্যই জানা গেছে ফিল্মফেয়ারের খবরে। ফিল্মফেয়ারের খবর যদি সত্যি হয় তবে ‘আশিকি-৩’ হবে ঋত্বিক-দীপিকা জুটির প্রথম ছবি। এর আগেও নির্মাতারা এ জুটিকে একসঙ্গে রুপালী পর্দায় আনার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে সব চেষ্টাই বিফলে গেছে। ধর্ম প্রোডাকশনস ও যশরাজ ফিল্মসের নতুন এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে আগামী বছরের শেষ নাগাদ বা ২০১৭-এর শুরুর দিকেই মনে রাখার মতো একটি ব্লকবাস্টারের আশা করতেই পারেন দর্শক।
আশিকি-৩ নিয়ে আসছেন দীপিকা-ঋত্বিক
অক্টোবর ১৩, ২০১৫

