ভারতের বিরুদ্ধে আইএস প্রধানের যুদ্ধ ঘোষণা, টার্গেট মোদী

S M Ashraful Azom
0

এবার আইএসের টার্গেট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিজের লেখা বইতে মোদীর বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। তার সদ্য প্রকাশিত বই ‘ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটস’-এ বাগদাদি ঘোষণা করেছেন, এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার জঙ্গি সংগঠন আইএস। কারণ নরেন্দ্র মোদী মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন। ভারতের বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে গতকাল শনিবার এ কথা বলা হয়েছে। একই বইতে আরো বলা হয়েছে, আইএস এবার ইরাক, সিরিয়া থেকে বাইরে গিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অফগানিস্তানে পা রাখবে।
 
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে বাগদাদির এই নতুন বই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলছেন, বাগদাদির এই নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো। গোটা বিশ্বে কীভাবে সন্ত্রাস ছড়ানো হবে, কেন এই সন্ত্রাসবাদ প্রয়োজনীয় তার নানা ব্যাখ্যা এই বইতে দিয়েছেন বাগদাদি। আইএস ধারাবাহিকভাবে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি।
 
ইরাক এবং সিরিয়া ছেড়ে আর কোন কোন দেশে হামলা চালাবে আইএস তা ‘ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম দ্য ইসলামিক স্টেট’ বইতে তুলে ধরেছেন আইএস প্রধান। বইতে লেখা হয়েছে, আইএস এবার ইরাক, সিরিয়া থেকে বাইরে বিস্তৃত হবে। এবার তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অফগানিস্তানে পা রাখবে। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাগদাদি লিখেছেন, নরেন্দ্র মোদী ডানপন্থি হিন্দু রাষ্ট্রবাদী। মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী মোদী এখন নিজের লোকেদের তৈরি করছেন। যদিও বইতে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী না বলে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছে।
 
দ্য এশিয়ান এজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে একই ধরনের কথা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তাদের এই ম্যানিফেস্টোতে বৈশ্বিক যুদ্ধের কথা তুলে ধরেছে। বইতে তারা ভারতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছে। হিন্দুদের কর্মতত্পরতা বাড়ছে যারা গরুর মাংস খাওয়ার জন্য মুসলিমদের হত্যা করছে। যারা এসব সংগঠন অর্থ দিয়ে সাহায্য করছে তারা মূলত ইসলাম-বিদ্বেষী তৈরি করতে চায়। জঙ্গিবাদের বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো সংখ্যালঘু মুসলিম দেশগুলোতে আইএস এক ধরনের ভীতির পরিবেশ তৈরির জন্য এই কৌশল গ্রহণ করেছে।
 
প্রসঙ্গত ভারতসহ এই অঞ্চলে প্রভাব বিস্তারের ইঙ্গিত আগেই দিয়েছিল আইএস। গত আগস্টে তারা ঘোষণা করে ২০২০ সালের মধ্যে ভারত-সহ বিশ্বের বিস্তীর্ণ অংশ নিজেদের দখলে নেবে। প্রকাশ্যে এই কথা ঘোষণা করার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। আইএসের প্রকাশিত একটি মানচিত্রে দেখানো হয়, পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত তারা নিজেদের দখলে আনবে। ওই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ। এখানেই শেষ নয়, মানচিত্রে ওই জায়গাগুলোর ইতোমধ্যেই তারা নামকরণ করে ফেলেছে বলে জানায়। সেখানে ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে ‘খুরাসান’। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের একত্রে নাম দেয়া হয়েছে ‘আন্দালুস’।
 
গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলায় ১২৯ জন প্রাণ হারায়। এ ছাড়া মিসরে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানে হামলারও দায় স্বীকার করেছে তারা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৬০টি দেশ আইএসের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে। নতুন করে ফ্রান্স, ব্রিটেনের সাথে আইএসের বিরুদ্ধে অভিযানে নামছে জার্মানিও। 
Source: http://www.ittefaq.com.bd/world-news/2015/12/06/45773.html

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top