বছরের সেরা ৭ গ্যাজেট

S M Ashraful Azom
0

প্রযুক্তির এই সময়ে এসে ডেস্কটপ পিসি বা ল্যাপটপের পাশাপাশি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো সব ডিভাইস চলে এসেছে হাতে হাতে। এর পাশাপাশি বর্তমান সময়ে ওয়্যারেবল গ্যাজেট বা বিভিন্ন ধরনের পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারও প্রসারিত হতে শুরু করেছে। নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী সব গ্যাজেটের পাশাপাশি নিছক বিনোদনের জন্যও এখন নানা ধরনের গ্যাজেট নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বছরজুড়ে হাজির হওয়া এমন নানা ধরনের গ্যাজেটের মধ্য থেকে সেরা কিছু গ্যাজেটের কথা জানাচ্ছেন সানজিদা সুলতানা
 
অ্যামাজন ইকো
 
সংগীতপ্রেমীদের জন্য চলতি বছরে অ্যামাজনের পক্ষ থেকে এ বছরে নিয়ে আসা হয় স্মার্ট স্পিকার ইকো। এর ব্যবহারকারীরা তো বটেই, প্রযুক্তি বিশ্লেষকরাও প্রশংসায় ভাসিয়েছেন এই স্পিকারকে। এই স্পিকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কথা বলেই নিয়ন্ত্রণ করা যায় এর বিভিন্ন কার্যক্রম। গান চালানো বা বন্ধ করা ছাড়াও ভলিউম কমানো-বাড়ানো, ট্যাক বদলানোর মতো সব কাজ একে নির্দেশনা দিয়েই করানো যাবে। পাশাপাশি আবহাওয়ার খবর থেকে শুরু করে সাম্প্রতিক খবরগুলোও এর কাছে জানতে চাইলে এটি সেগুলো জানিয়ে দিতে পারে। ৩০ ফুট দূরত্ব থেকেও কাজ করে ইকোর ভয়েজ কন্ট্রোল ফিচার। ইন্টারনেট-সক্রিয় এই স্পিকারটি ক্লাউডে যুক্ত থাকার পাশাপাশি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট পিসির সাথেও যুক্ত হতে পারে। ফলে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে থাকা সব গানের পাশাপাশি অ্যামাজন মিউজিক, প্যানডোরা, প্রাইম মিউজিকের মতো শীর্ষস্থানীয় সব মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সাথেই যুক্ত হতে পারে। স্মার্ট বাল্ব বা স্মার্ট হোম ডিভাইসগুলোর সাথেও যুক্ত হতে পারে ইকো। তাতে করে এসব স্মার্ট ডিভাইসকে নিয়ন্ত্রণও করা যায় ইকোকে নির্দেশনা দিয়েই। এতসব ফিচারের ভিড়ে সাউন্ড কোয়ালিটির দিক থেকেও পিছিয়ে নেই ইকো। ৩৬০-ডিগ্রি ইমার্সিভ ডিজাইনের সাউন্ড ব্যবহার করায় ইকোতে পাওয়া যাবে মন ভরানোর মতো অডিও আউটপুট। ইকোর দাম ১৭৯ ডলার।
 
অ্যাপল ওয়াচ
 
পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজারে গত বছর দুয়েক সময়ে স্মার্ট হাতঘড়ি একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নিয়েছে। বাজারে এখন শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির প্রায় সকলেরই রয়েছে স্মার্ট হাতঘড়ি। অনেক গুঞ্জনের পর অবশেষে চলতি বছরে এসে অ্যাপল ওয়াচ নামে স্মার্ট হাতঘড়ি বাজারে নিয়ে আসা কোম্পানির তালিকায় নাম লেখায় অ্যাপল। প্রথাগত নিয়মেই অ্যাপল ওয়াচ এসেই মাত করেছে প্রযুক্তিবিশ্বকে। প্রযুক্তি বিশ্লেষকরাও বলছেন, এটিই বাজারের সেরা স্মার্ট হাতঘড়ি। সাথের স্মার্টফোনটির সব ধরনের নোটিফিকেশন সহজেই দেখার পাশাপাশি শারীরিক পরিশ্রমের বিভিন্ন তথ্যও এটি সংগ্রহ করে রাখতে পারে। অ্যাপলের ভার্চুয়াল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিকেও যুক্ত করা হয়েছে এই ঘড়িতে। অ্যাপল ডিভাইস সমর্থিত বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা তো রয়েছেই। অসাধারণ সব ফিচারের পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষের ব্যক্তিত্বের সাথে ম্যাচ করার জন্য এটি বাজারে এসেছে বৈচিত্র্যময় ডিজাইন আর রঙে।
 
মাইক্রোসফট ব্যান্ড ২
 
পরিধেয় প্রযুক্তি পণ্যের মধ্যে স্বাস্থ্যসচেতনদের মধ্যে ফিটনেস ব্যান্ড এখন জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরেও এমন বেশকিছু ফিটনেস ব্যান্ডের দেখা মিলেছে। এগুলোর মধ্যে মাইক্রোসফটের ব্যান্ড ২ এগিয়ে রয়েছে অনেকদিক থেকেই। এই ব্যান্ডের আগের সংস্করণে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হলেও এতে ব্যবহার করা হয়েছে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে থেকে শুরু করে এর আশেপাশের পুরোটা অংশ কর্নিং গরিলা গ্লাসে আবৃত হওয়ায় এতে স্ক্র্যাচও পড়ে না। শারীরিক তথ্য সংগ্রহ করতে এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর, টেম্পারেচার সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর, গ্যালভানিক স্কিন রেসপন্স সেন্সরসহ মোট ১১টি সেন্সর। ফলে সার্বক্ষণিকভাবে হূদস্পন্দন মনিটরিংয়ের পাশাপাশি ক্যালোরি খরচের পরিমাণ, শরীরের তাপমাত্রা, ঘুমের পরিমাণ—এগুলোও মনিটর করতে পারে এই ব্যান্ড। স্মার্টফোনের সাথে একে সংযুক্ত করে নিয়ে এর মাধ্যমে ইমেইল, টেক্সট, ক্যালেন্ডার প্রভৃতি নোটিফিকেশনও পাওয়া যায়।
 
গিয়ার ভিআর
 
ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে আলোচনা চলে আসছে অনেকদিন হলোই। এ বছরে এসে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বাজারে এনেছে স্যামসাং। অকুলাসের কারিগরি সহায়তায় গিয়ার ভিআর নামের হেডসেট সাড়া ফেলেছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে। গেমিং থেকে শুরু করে থ্রিডি মুভি—প্রতিটি কাজেই নতুন এক ভার্চুয়াল পৃথিবীর অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম এই হেডসেটটি। স্যামসাংয়ের বেশ কয়েকটি মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথেও এটি সংযুক্ত হয়ে কাজ করতে পারে। এরই মধ্যে শতাধিক অ্যাপ তৈরি হয়ে গেছে এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের জন্য। এর জন্য আলাদা একটি অ্যাপ স্টোরও তৈরি করেছে অকুলাস। ভিডিও স্ট্রিমিং সেবাগুলোও এর জন্য আলাদা অ্যাপ তৈরি করছে। বেশকিছু জনপ্রিয় গেমেরও ভিআর সংস্করণ তৈরি হয়ে গেছে। ফলে নতুন ধরনের গ্যাজেট হিসেবে গিয়ার ভিআর জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করছেন সকলে।
 
কিন্ডল পেপাহোয়াইট
 
ই-বুক রিডারের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় নিজের অবস্থানকে শক্তভাবেই ধরে রেখেছে অ্যামাজনের কিন্ডল। কিন্ডলের পেপারহোয়াইটের চলতি বছরে বাজারে আসা সংস্করণটিও এর কাছ থেকে প্রত্যাশিত মানকে ধরে রাখতে সমর্থ হয়েছে। ১১৯ ডলার মূল্যের পেপারহোয়াইট দামের দিক থেকেও সাশ্রয়ী। এর আগের সংস্করণগুলোর তুলনায় ২০১৫ সংস্করণে ব্যবহূত ডিসপ্লেটি আরও বেশি উজ্জ্বল হয়েছে, পারফরম্যান্সেও এসেছে বাড়তি গতি। বিভিন্ন ধরনের রিডিং মোডের সাথে এতে বিছানায় ঘুমের আগে পড়ার জন্য উজ্জ্বলতা নিয়ন্ত্রনের সুবিধাও রয়েছে। রয়েছে বিভিন্ন শব্দ বা শব্দগুচ্ছের অর্থ বা ব্যাখ্যা জানার সুবিধাও। এর পরিচ্ছন্ন ইন্টারফেসের পাশাপাশি ক্লাউড-নির্ভর স্টোরেজ আর বিস্তৃত ই-বুক স্টোর ই-বুক রিডারের বাজারে একে করে তুলেছে অপ্রতিদ্বন্দ্বী।
 
 
 
ডিজেআই ফ্যান্টম ৩ প্রফেশনাল
 
চলতি বছরে ড্রোনও ছিল প্রযুক্তিবিশ্বের আলোচনায়। বেশকিছু ব্র্যান্ডের নানা ধরনের কাজের উপযোগী বেশকিছু ড্রোন এ বছর বাজারে এলেও এর মধ্যে ব্যাপক আলোচিত হয়েছে ড্রোন নির্মাতা ডিজেআইয়ের ফ্যান্টম ৩ প্রফেশনাল ড্রোনটি। খুব সহজেই উড়ানো যায় এই ড্রোন, বাতাসে নির্বিঘ্নে উড়তেও পারে এটি। ২৩ ইঞ্চি আকৃতির এই ড্রোনের নিচের দিকে বসানো রয়েছে এলইডি লাইট, যাতে করে উড়ার সময়ও একে মনিটর করা যায়। ইন্টেলিজেন্ট ফ্লাইট মোডের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে এমন ক্যামেরা যার মাধ্যমে এতে ফোরকে রেজ্যুলেশনের ভিডিও করার সুবিধাও পাওয়া যায়। স্টিল ইমেজের ক্ষেত্রে এটি জেপিজি ছাড়াও র (RAW) ফরম্যাটে ছবি তুলতে পারে। জিপিএসসহ প্রয়োজনীয় অন্যান্য সেন্সর থাকায় এটি পূর্বনির্ধারিত কোনো রুটেও নিজে থেকেই চলতে পারে।
 
অনহাব রাউটার
 
সার্চ ইঞ্জিনের গণ্ডি থেকে গুগল বেরিয়ে গিয়েছে আগেই। নানা ধরনের হার্ডওয়্যারেও এখন গুগলের স্বচ্ছন্দ্য বিচরণ লক্ষ করার মতো। এমন সব হার্ডওয়্যারের মধ্যে এ বছরে গুগল টিপি-লিংকের সাথে যৌথভাবে বাজারে এনেছে অনহাব রাউটার। নেটওয়ার্কিং পণ্যে টিপি-লিংকের দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে গুগলের নতুন যুগের চিন্তা-ভাবনার সম্মিলন এই রাউটার। পরে অবশ্য নেটওয়ার্কিং পণ্য নির্মাতা আরেক কোম্পানি আসুসের সাথেও অনহাবের একটি মডেল এনেছে গুগল। এই ওয়াই-ফাই রাউটারকে বলা হচ্ছে নতুন প্রজন্মের ওয়াই-ফাই রাউটার। খুব সহজেই সেটআপ করা যায় অনহাব। পাশাপাশি ব্লুটুথ স্মার্ট রেডি ফিচার থাকায় নানা ধরনের স্মার্ট গ্যাজেটের সাথেও যুক্ত হতে পারে এটি। একে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপও রয়েছে। কেবল কাজের দিক থেকে নয়, ডিজাইনের দিক থেকেও এটি যথেষ্টই স্টাইলিস্ট।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top