‘সবার উপরে জীবন সত্য’ শ্লোগানে থিয়েটার সপ্তাহ শুরু

S M Ashraful Azom
0

বিগত ৪৪ বছর নিরবচ্ছিন্নভাবে নাট্যচর্চা করছে নাট্যদল থিয়েটার। সাফল্যের স্মারক হিসেবে ৪৪ বছরের মঞ্চে এনেছে ৪৫টি প্রযোজনা। ‘সবার উপরে জীবন সত্য’ শ্লোগানে গতকাল শুক্রবার শুরু হলো ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’। গতকাল সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ নাট্যায়োজনের উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বসে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যজন আতাউর রহমান এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় আবদুল্লা আল-মামুন রচিত ও নির্দেশিত এবং ফেরদৌসী মজুমদার অভিনীত একক নাটক ‘কোকিলারা’।  নাটকটির নব-রূপায়ন করেছেন সুদীপ চক্রবর্তী।
 
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকছে এ উত্সবে। এর মধ্যে আগামীকাল শনিবার থাকছে ‘মায়া নদী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মারুফ কবির। পরদিন ৬ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘কুহুকজাল’। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ৭ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘মুক্তধারা’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। ৮ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। সৈয়দ শামসুল হক রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। নব-রূপায়ন করেছেন সুদীপ চক্রবর্তী। ৯ ডিসেম্বর মঞ্চায়ন হবে ‘বারামখানা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। সমাপনী আয়োজনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক ‘মেরাজ ফকিরের মা’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। জাতীয় নাট্যশালায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় টিকেটের বিনিময়ে নাটকের মঞ্চায়ন হবে। সেমিনার সবার জন্য উন্মক্ত থাকবে।
 
‘পাখির দেশ বাংলাদেশ’
 
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ বার্ড ক্লাব যৌথভাবে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘পাখির দেশ বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশের পাখির আলোকচিত্রের বৃহত্তম প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল বিকেলে প্রদর্শনীটি উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান ও রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। সূচনা বক্তব্য রাখেন ইনাম আল হক এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান। বাংলাদেশের ১০২ প্রজাতির পাখির জীবনের অসাধারণ আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। সময় শনি থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
 
তামান্না সারোয়ারের আবৃত্তি
 
মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে গতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আবৃত্তিশিল্পী তামান্না সারোয়ার নীপার একক আবৃত্তি অনুষ্ঠান ‘একমুঠো জীবন’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হকসহ চব্বিশজন কবির পঁচিশটি কবিতা ঘণ্টাব্যাপী আবৃত্তি করেন নীপা। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আবৃত্তিশিল্পী ও সংগঠক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top