
বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী। জানা যায়, মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে বাসের চালকের সহকারী মামুনের কাছে যৌন হয়রানির শিকার হয় ছাত্রীটি।
এই বিষয়ে রাজধানীর দারুস সালাম থানায় শুক্রবার বিকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে এসআই খাদিজাতুজ সাহেলা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু জানান, ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যায় ওই ছাত্রী। শনিবার ক্লাস থাকায় শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন। বেলা দেড়টার দিকে বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরণের কথা বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।
ছাত্রীটি তার সেই বন্ধুকে জানায়, সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে। এর প্রতিবাদ করায় নিপীড়ক 'আজেবাজে কথা’ বলে মধ্যপথেই বাস থেকে নামিয়ে দিতে চায়। এ সময় অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। এরপর গাবতলী নেমে থানায় এসে অভিযোগ করেন সেই ছাত্রী।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।