
যাত্রীবাহী বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে চালকের সহকারী মো. মামুনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার শুকতারা পরিবহনের একটি বাসে চালকের সহকারী মামুন ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। ওই ছাত্রীর অভিযোগ, তিনি মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে শুকতারা পরিবহনের বাসটিতে ওঠেন। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। বাসটি মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তার পাশের আসনে বসা যাত্রী নেমে যান। এরপর বাসচালকের সহকারী তার পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে চালকের সহকারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। বাসের অন্য যাত্রীরা চালকের সহকারীকে থামানোর চেষ্টা করলে তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন তিনি।
ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালকের সহকারী। বেলা পৌনে দুইটার দিকে গাবতলী বাস টার্মিনালে নেমে যান তিনি।
এ ঘটনায় শুক্রবার বেলা তিনটার দিকে দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। পরে শুক্রবার রাতে মানিকগঞ্জ থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।