
অনলাইন ডেস্ক: জনপ্রিয় মডেল ও উপস্থাপক তৌহিদা শ্রাবণ্য সম্প্রতি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান রবি এবং মোবাইল অপারেটর স্যামসাং- এর যৌথ অফারের একটি বিজ্ঞাপনে কাজ করছেন। আর সেই বিজ্ঞাপনে তৌহিদার সঙ্গে থাকছেন টাইগার সেনাপতি মাশরাফি বিন মর্তুজা।বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মেজবাউর রহমান সুমন। নতুন এই বিজ্ঞাপনটি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত শ্রাবণ্য। তিনি মনে করেন এটি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। শ্রাবণ্য জানালেন, ‘মাশরাফি ভাই আমার পূর্ব পরিচিত। ক্রিকেট নিয়ে আগে অনেক উপস্থাপনা করেছি। সেখানেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এবার আমরা একসাথে কাজ করছি ভাবতেই ভালো লাগছে।’
এদিকে শ্রাবণ্যের উপস্থাপনায় আগামী রমজানে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হতে যাচ্ছে ‘প্রাণ প্রিমিয়ার ঘি স্টার কুক’। সেখানে বিভিন্ন সেলিব্রেটিরা মজার মজার রান্না করবেন। এছাড়া এশিয়ান টিভির ৩০ পর্বের একটি লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানের কাজেও যুক্ত আছেন তিনি। একইসঙ্গে মমতাজ মেহেদীর রিয়েলিটি শো ‘রঙে রাঙাতে’র সিজনটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য।