আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আছ (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি নবী করীম (সা.) এর নিকটে হিজরত ও জিহাদের বায়‘আত করার জন্য আগমন করল, যার বিনিময়ে সে আল্লাহর সাহায্য কামনা করে। নবী করীম (সা.) তাকে বললেন, তোমার পিতা-মাতার একজন বা উভয়জন কি জীবিত আছেন? লোকটি বলল, হ্যাঁ, দু’জনই আছেন। তিনি আবার বললেন, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও? লোকটি বলল, হ্যাঁ। নবী করীম (সা.) বললেন, তুমি ফিরে যাও এবং তোমার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর’ (মুসলিম হা/৬৬৭১; মিশকাত হা/৩৮১৭)।
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলামকে উত্তম করে, আল্লাহ তা‘আলা তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল; একটি পূণ্যের বিনিময়ে দশ হতে সাতশ গুণ পর্যন্ত দেওয়া হয়; আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ ফল রয়েছে। অবশ্যই আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার (বুখারী হা/৪১; মিশকাত হা/২৩৭৩)।
নবী করীম (সা.)-এর স্ত্রী আয়েশা (রাঃ) বলেন, একটি স্ত্রীলোক দু’টি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইল। আমার কাছে একটি খুরমা ছাড়া আর কিছু্ই সে পেল না। আমি তাকে ওটা দিলাম। স্ত্রীলোকটি দু’মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। এ সময় নবী (সা.) এলেন। আমি তাকে ব্যাপারটি জানালাম। তখন তিনি বললেন, যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোনও পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে এ কন্যারা তার জন্য জাহান্নামের পর্দা হবে (বুখারী হা/৫৯৯৫)।
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (সা.)! জাহেলী যুগের কাজকর্মের জন্য আমাদের কি পাকড়াও করা হবে? তিনি বললেন, যে ব্যক্তি ইসলামী যুগে ভাল কাজ করবে তাকে জাহেলী যুগের কাজ কর্মের জন্য পাকড়াও হবে না। আর যে ব্যক্তি ইসলাম কবুলের পর অসৎ কাজ করবে, তাকে প্রথম ও পরবর্তীর জন্য পাকড়াও করা হবে (বুখারী হা/৬৯২১; মুসলিম হা/৩৩৪)।
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূল (সা.)-কে বললেন, যখন আমি ভাল ও মন্দ সম্পর্কে জেনে যাব তখন আমি কী করব? নবী করীম (সা.) বললেন, যদি তুমি তোমার প্রতিবেশীর নিকট থেকে ভাল কিছু শুনে থাক তবে তা ভাল করলে। আর যদি তার নিকট থেকে খারাপ কিছু শুনে থাক, তবে তুমি খারাপ করলে (ইবনু মাজাহ হা/৪২২৩; মিশকাত হা/৪৯৮৮, সনদ ছহীহ)।
আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূল (সা.)-এর নিকট এসে জিজ্ঞেস করল, মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহার পাওয়ার সর্বাধিক হক্বদার কে? তিনি বললেন, তোমার মাতা। সে বলল, তারপর কে? তিনি আবার বললেন, তোমার মাতা। অতঃপর লোকটি বলল, তারপর কে? রাসূল (সা.) বলেন, তোমার মাতা। লোকটি আবার বলল, তারপর কে? রাসূল (সা.) বললেন, তোমার পিতা (মুসলিম হা/৬৬৬৪)।
আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূল (সা.) বলেন, হে আবু হুরায়রা! আল্লাহভীরুতা অর্জন কর, তাহলে তুমি মানুষদের মধ্যে থেকে সর্বাধিক ইবাদতগুযার হবে। অল্পে তুষ্ট থাক, তাহলে তুমি মানুষদের মধ্যে সর্বাধিক কৃতজ্ঞতা প্রকাশকারী হবে। তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর, অন্যের জন্য তাই পছন্দ কর, তাহলে তুমি মুমিন হবে। তুমি তোমার প্রতিবেশীর নিকট উত্তম প্রতিবেশী হও, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। আর কম হাসো, কেননা অধিক হাসিতে অন্তর মরে যায়’ (ইবনু মাজাহ হা/৪২১৭; সিলসিলা ছহীহাহ হা/৫০৬)।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় পড়ে থাকা একটা কাঁটাযুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা‘আলা তার এ কাজ সাদরে কবুল করলেন অতঃপর তার গুনাহ মাফ করে দিলেন (বুখারী হা/৬৫২; ৫০৪৯)।
আবু যার (রাঃ) বলেন, নবী করীম (সা.) আমাকে বলেছেন, ‘তুমি কোনো সৎ কাজকে ছোট মনে কর না, যদি তুমি তোমার অপর ভাইয়ের সাথে সহাস্য বদনে সাক্ষাৎও কর’ (মুসলিম হা/৬৮৫৭; মিশকাত হা/১৮৯৪)।
উসামা বিন যায়েদ (রাঃ) বলেন, রাসূল (সা.) বলেছেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান প্রদান করুন, তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল (তিরমিযী হা/২০৩৫; মিশকাত হা/৩০২৪, সনদ ছহীহ)।