অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের হামলার শিকার হন দু’জন। ঘটনায় একজন নিহত হলেও বেঁচে যান আরেকজন। খবর বিবিসি।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিবিসির খবরে ওই ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
বেঁচে ফেরা ৭২ বছর বয়সী ব্যক্তি উদ্ধারকর্মীদের জানান, তাদের নৌকাটি উল্টে গেলে তার বন্ধু নিচে আটকা পড়েন। নৌকাটি খুবই ছোট ছিল। নৌকা ডুবে গেলে বন্ধুকে বাঁচাতে তিনিও ঝাঁপ দেন পানিতে।
আর সেখানেই ঘটে বিপত্তি। কুমির এসে আক্রমণ করে। হাতে থাকা রেঞ্জ দিয়ে কুমিরের মাথায় আঘাত করতে থাকেন তিনি। এভাবেই ভয়ঙ্কর কুমিরের সঙ্গে প্রায় তিন ঘণ্টা যুদ্ধ করেন তিনি।
এয়ার অ্যাম্বুলেন্স কেয়ারফ্লাইটের একজন মুখপাত্র ব্যাডহাম বিবিসিকে জানান, কুমিরগুলো বারবারই তার কাছে ফিরে আসছিল। এটা খুবই ভয়ঙ্কর ছিল। সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে লোকজন এসে তাকে উদ্ধার করে।
এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়াতে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে একজন নিহত হন।