এর মধ্যে ছিলেন— সঙ্গীত অঙ্গনের লিজেন্ট আলম খান, শেখ সাদী খান, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, গাজী মাজহারুল আনোয়ার, খুরশেদ আলম, শওকত আলী ইমন, কুমার বিশ্বজিৎসহ অনেকেই।
উপস্থিত ছিলেন দিঠির পরিবার পরিজন ও কাছের মানুষরা। প্রত্যেকেই প্রাণ খুলে আশির্বাদ করেছেন দিঠিকে।
দিঠির ‘পোড়া চোখ’ নিয়ে দিঠির শাশুড়ি অনুষ্ঠানে মজা করে বলেন, ‘অ্যালবামের নাম রাখা হয়েছে দিঠির ‘পোড়া চোখ’। যার নাম দিঠি তার চোখ পোড়া হবে কেন! দিঠির চোখ তো পোড়া না। তার চোখ সুন্দর উজ্জ্বল ভাসমান।’
‘পোড়া চোখ’ গানটির গীতিকার গাজী মাজহারুল। তিনি বললেন, ‘চোখের প্রতি সঙ্গীত শিল্পীদের একটা দুর্বলতা আছে। আমার নিজেরও দুর্বলতা আছে। (হাসতে হাসতে) বয়স হয়েছে। চোখও আর আগের মতো নেই। তাই হয়তো পোড়া চোখ শব্দটি গানে এসে পড়েছে।’
অ্যালবামের এই নামকরণ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বললেন, ‘পোড়া চোখ শব্দটি এর আগেও ব্যবহার হয়েছ। কন্যার প্রতি আদর ভালোবাসার বহিপ্রকাশ ঘটাতে গিয়েই পোড়া চোখ শব্দটি ব্যবহার করেছেন। দিঠি আমাদের সঙ্গীত পরিবারের আদরের একটি মেয়ে। আমার বিশ্বাস দিঠির অ্যালবামের গানগুলো সবার কাছেই ভালো লাগবে।’
আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, সোমেশ্বর অলি ও ফয়সাল রাব্বীকিন। আর সুর করেছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, এসআই টুটুল ও শফিক তুহিন।
নতুন অ্যালবাম প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘দুই প্রজন্মের সুরকাররা এই অ্যালবামটিতে সুর করেছেন। যারা এক সময় আমার বাবা গাজী মাজহারুল আনোয়ানের গানে সুর করতেন, তারা আমার গানেও সুর করেছেন। আবার এ প্রজন্মের সুরকাররাও রয়েছেন। তাই বলতে পারেন, এটা দুই প্রজন্মের একটা মেলবন্ধনের অ্যালবাম।’
এরই মধ্যে অ্যালবাম থেকে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। ‘দিন যাবে কাল গুনে’ শিরোনামের এই গানটির ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে। অ্যালবামটি বাজারে প্রকাশ করছে জি- সিরিজ।