মুসলিম রেজিস্ট্রেশনের পদক্ষেপ নিলে প্রতিরোধ: লুইস সেপুলভেদা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে মুসলিম রেজিস্ট্রেশনের পদক্ষেপ নিলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান লুইস সেপুলভেদা। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক বিজয় উৎসবে এ ঘোষণা দেন। 
 
সেপুলভেদা বলেন, ট্রাম্প প্রশাসন মুসলিমদের বিরুদ্ধে যে কোনো অযৌক্তিক পদক্ষেপ গ্রহণ করলে তিনি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করবেন।
 
নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সম্মানে নৈশভোজের আয়োজন করেন নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশি আমেরিকান ওম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার। 
 
স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টারের সভাপতিত্বে এবং তরুণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাশেদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিন, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, টাইম টেলিভিশনের হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দুন্নেসা, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কবি জুলি রহমান, নাসির উদ্দিনসহ কমিউনিটির নেতারা। 
 
অনুষ্ঠানে এসেম্বলিম্যান লুইস সেপুলভেদা বলেন, মার্কিন সংবিধান সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। এখানে রয়েছে সকল ধর্ম-বর্ণের সমান অধিকার। ইমিগ্র্যান্টদের দেশ আমেরিকার অহংকারের অন্যতম কারণও এটি। তিনি বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সৃষ্ট আশঙ্কাকে ভুল প্রমাণ করে সংবিধান সমুন্নত রাখবেন এটাই সকলে প্রত্যাশা করেন। 
 
লুইস সেপুলভেদা বাংলাদেশি কমিউনিটিকে তার অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশি কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার (স্টারলিং) এভিনিউ থেকে কুইন্সের জ্যাকসন হাইটস পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে এ ব্যাপারে এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সার্বিক সহযোগিতা কামনা করেন।
 
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছাসহ লুইস সেপুলভেদাকে বিশেষ ক্রেস্ট দেয়া হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top