সেবা ডেস্ক: কাপূর কন্যা হিসেবেই পরিচিত সোনম কাপুর। তার অভিনীত চলচ্চিত্র ‘নীরজা’ মুক্তি পায় চলতি বছরের প্রথমদিকে। শুরু থেকেই দারুণ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়ে আসছিলেন এ বলিউড অভিনেত্রী। বছর শেষে এসে মিলল পুরস্কার।
নীরজা ভানোটের হয়ে মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস-এর পুরস্কার গ্রহণ করলেন সোনম।সম্প্রতি নীরজা ভানটের নামে ঘোষণা করা হয়েছে এক বিশেষ মরণোত্তর পুরস্কার।
১৯৮৬ সালে প্যান অ্যাম-এর এই বিমানকর্মী যেভাবে সন্ত্রাসীদের বোকা বানিয়ে অন্যের প্রাণ বাঁচিয়েছিলেন, তার জন্য। মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস-এর জন্য তাই এ বছর বেছে নেয়া হয়েছিল নীরজা ভানোটের নাম। সেই পুরস্কার নিতে রাজিও হয়ে যান নীরজার পরিবার। নীরজার মা রমা ভানোটের শর্ত ছিল ‘সোনম আমার মেয়ের হয়ে পুরস্কার নেবে’।
প্রয়াত নীরজা ভানোটের মা জানান, তিনি সোনমের মধ্যে নিজের মৃতা মেয়েকে ফিরে পেয়েছেন। সেটা যে নিছক এক বিবৃতি ছিল না, তার প্রমাণ মিলল এতদিনে। এ ব্যাপারে সোনমও কোনো আপত্তি করেন নি।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লার হাত থেকে গ্রহণ করেন এই বিশেষ মরণোত্তর পুরস্কার। সোনম জানিয়েছেন, জীবনকে পূর্ণ ভাবে উপভোগ করার অন্যতম পন্থাই হল অন্যের প্রতি সহানুভূতি। যা নীরজার মধ্যে পূর্ণমাত্রায় ছিল।