রিজার্ভ চুরি: আরো ৩ কোটি ডলার ফেরত পাওয়ার আশাবাদী

Unknown
সেবা ডেস্ক:  রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এক কোটি ৫২ লাখ ডলার গত শুক্রবার ফেরত দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। সেদেশে জব্দ হওয়া আরো ৩ কোটি ডলার দ্রুত ফেরত পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
 
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান বলেন, 'ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে দেড় কোটি ডলারের বেশি অর্থ আমরা সফলভাবে ফেরত আনতে সক্ষম হয়েছি। সেদেশে আরো ৩ কোটি ডলার বাজেয়াপ্ত অবস্থায় রয়েছে। আমরা যেভাবে এগুচ্ছি এবং ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে যে ইতিবাচক ছাড়া পাচ্ছি, তাতে আশা করি স্বল্পতম সময়ের মধ্যে জব্দকৃত এই অর্থ ফেরত পাওয়া যাবে।'
 
তিনি জানান, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চলতি মাসের শেষ সপ্তাহে ফিলিপাইনের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে আলোচনার জন্য যাবে। তখন জব্দকৃত এই অর্থ ফেরত আনার বিষয়টির আরো অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনো থেকে জব্দ করা এসব অর্থ ফেরত আনার বিষয়টি ম্যানিলার আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে। ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার গত শুক্রবার বাংলাদেশের দূতাবাসে জমা দেয় ফিলিপাইন কর্তৃপক্ষ। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ অর্থ গ্রহণ করে।
 
এ বিষয়ে রাজী হাসান বলেন, 'আগামী সোম-মঙ্গলবারের মধ্যে ফেরত পাওয়া অর্থ নিউইয়র্ক ফেডে জমা হয়ে যাবে। এই অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসেবে জমা হবে। আর পেসো অংশটি বাংলাদেশ দূতাবাসের হিসেবের মাধ্যমে নিউইয়র্ক ফেডে জমা হবে।'
 
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভাংকর সাহা ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক) দেবপ্রসাদ দেবনাথ উপস্থিত ছিলেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top