সেবা ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার ঢাকায় কবি বেগম সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেলে এক স্মরণ সভার আয়োজন করে।
বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। পরে কবরস্থান প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুল বারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মা সাবেরা বেগমের কাছেই বাংলা পড়তে শেখেন এই মহীয়সী নারী। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।
মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রীর নাম কবি বেগম সুফিয়া কামাল। নারী জাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। তার বহুল গুণাবলীর কারণে বাংলার মানুষ তাকে 'জননী সাহসিকা' উপাধিতে ভূষিত করে।