সেবা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়িঘরে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ বিভাগ।
সোমবার বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান এই পুরস্কার ঘোষণা করেন। সন্ধ্যানদাতাদের যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে চারটি মোবাইল নম্বরও দেয়া হয়েছে। সোমবার বিকেলে নাসিরনগরের বিভিন্ন এলাকায় এ সংক্রান্তে মাইকিং করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, সম্প্রতি নাসিরনগরের বেশ কয়েকটি ঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে। সোমবার বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান বাড়িঘরে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
তিনি বলেন, কেউ যদি অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দেয় অথবা পুলিশকে তথ্য দিয়ে গ্রেপ্তারে সাহায্য করে তাহলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। তথ্যদাতার নাম ঠিকানা গোপন রাখা হবে।
পুলিশকে তথ্য সরবরাহের জন্য (০১৭১৩-৩৭৩৭২৪, ০১৭১৩-৩৭৩৭২৫, ০১৭১৩-৩৭৩৭২৭ এবং ০১৭১৩-৩৭৩৭৩৩) এই চারটি মোবাইল নম্বর দেয়া হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনায় মামলা : এদিকে গত রবিবার ভোরে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ার উপজেলা সদরের পশ্চিমপাড়ার ছোট্ট লাল দাসের বাড়িতে একচালা ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।