সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা এবং ক্রমবর্ধমান নারীদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে অবিলম্বে জেন্ডার পলিসি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) লিলি বিশ্বাস 'বাংলাদেশ পুলিশে নারী' সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান।
মানুষের জন্য ফাউন্ডেশন এবং কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিসিয়েটিভ (সিএইচআরআই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট মিলি বিশ্বাস গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ওই কর্মকর্তা জানান, দেশে মোট পুলিশ সদস্যের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৮৯১ জন। এর মধ্যে নারী পুলিশ সদস্য ১১ হাজার ৩৮ জন।
সিএইচআরআই'র সাম্প্রতিক এক জরিপে বলা হয়, গত তিন বছরে নারী পুলিশের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিলো ৬ হাজার ৮৫৩। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে পুলিশ বিভাগে নারীদের রিক্রুটমেন্ট শুরু হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সি এইচআরআই'র সিনিয়র এডভাইজার ও বোর্ড মেম্বর মাজা দারুওয়ালা, ইউএন উইমেন-এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার, প্রমুখ আলোচনায় অংশ নেন। -বাসস।