জঙ্গিরা ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করতে শুরু করেছে। 
বুধবার রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত যারা আত্মসমর্পণ করেছে, তাদের ভেতরে উপলব্দি হয়েছে- তারা এতদিন যা করেছে, তা অন্যায় করেছে। এই অনুশোচনায় তারা আত্মসমর্পণ করে সৎ পথে আসতে চাইছে। তাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।’ 
র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার এ টি এম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বিভাগীয় কশিনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক,  রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোয়াজ্জেম হোসেন।
আত্মসমর্পণকারী প্রত্যেককে পুনর্বাসনের জন্য ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আত্মসমর্পণকারীরা হলেন, হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ (১৮),  মো. হাফিজুর রহমান (১৬) ও মো. আক্তারুজ্জামান ওরফে আক্তারুল (১৮)।
হাফেজ মাসুদ রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় ৯ম শ্রেণির ছাত্র। মো. হাফিজুর রহমান কলাবাড়ি দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির এবং মো. আক্তারুজ্জামান নারায়ণপুর মিজবাহুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।
উল্লেখ্য, কিশোরগঞ্জের শোলাকিয়া হামলায় অংশগ্রহণকারী জঙ্গি শফিউলের সঙ্গে এই তিনজনের যোগসূত্র রয়েছে। শফিউল যে জঙ্গি নেটওয়ার্কের মাধ্যমে জঙ্গি হিসেবে রিক্রুট হয়েছে তারাও একই নেটওয়ার্কের মাধ্যমে এ সংগঠনে প্রবেশ করেছিল। শফিউল নূরপুর সালাফিয়া ক্যাডেট মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আত্মসমর্পণকারী এই তিনজন একই মাদ্রাসার ছাত্র।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top