সেবা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার এক মাসেও কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেফতার লিপুর রুমমেটও আছেন জামিনে। এদিকে তদন্তে ধীরগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লিপুর পরিবার ও লিপুর সহপাঠীরা।
লিপুর সহপাঠীরা বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাদের বারবার জানানো হয়েছে লিপুর রুমমেট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু এতদিন পরেও আমরা তদন্তে কোনও অগ্রগতি পায় নি। পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ বলে, ‘সময় লাগবে’।
এদিকে লিপুর বাবা মো. বদর উদ্দীন মুঠোফোনে বলেন, ‘আমি জানতে চাই কি কারণে আমার সন্তানকে খুন করা হয়েছে। এক মাস হয়ে গেল, মামলার অবস্থা কিছুই জানতে পারলাম না।’
মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ওসি (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হত্যার কারণ বলার মতো এখনও তেমন কিছু জানা যায়নি। লিপুর রুমমেট মনিরুল কিছু তথ্য দিয়েছিল সেগুলো যাচাই-বাছাই করে আবার তার রিমান্ড আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট কোর্টে তার শুনানি ছিল ১৫ নভেম্বর। কিন্তু রিমান্ড শুনানির আগেই সে জামিন পায়।’
এদিকে শনিবার বেলা ১১টার দিকে বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়।