সেবা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে বেসরকারি মেডিকেল কলেজগুলো কঠোর মনিটরিংয়ের আওতায় রয়েছে।
মন্ত্রী সোমবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, কিছু বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা উপেক্ষা করে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেশে মেধাবী চিকিৎসক তৈরি ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে এই নীতিমালা বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করেছি। গোটা স্বাস্থ্য সেবাখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসাধু উপায় রোধে আমরা সিনিয়র চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা চালু করেছি। সবার সহযোগিতায় কর্তৃপক্ষ কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, ডিজিএইচএসর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রফেসর মাহমুদ হাসান এবং প্রফেসর মোহাম্মদ শহিদুল্লাহ।-বাসস।