শিব্বির আহমদ রানা, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শীলকূপ ইউনিয়নের পূর্ব জঙ্গল শীলকূপ আর্দশ গ্রামে শনিবার রাত ৭টায় পুত্রবধুর ছুরিকাঘাতে শাশুড়ি ফাতেমা বেগম (৪৫) নিহত হয়েছে। খুন করে ঘাতক পুত্রবধূ রহিমা বেগম (২২) বাড়ির পাশে গহীন জঙ্গল দিয়ে কৌশলে পালিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পুত্রবধূর পিতা আব্দুর ছাত্তারকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হন। পারিবারিক অশান্তির কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ নিহত ফাতেমার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৩ বছর পূর্বে শীলকূপ ইউনিয়নের পূর্ব জঙ্গল শীলকূপ আর্দশ গ্রামের আশরাফ আলীর পুত্র অটোরিক্সা চালক মো. মাহফুজের সাথে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি রঙ্গিয়াঘোনা গ্রামের আব্দুর ছাত্তারের কন্যা রহিমা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে দুই পরিবারে মধ্যে ঝগড়া লেগেই ছিল। রহিমার এক কন্যা সন্তান আছে। বর্তমানে রহিমা তিন মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যে স্বামী মো. মাহফুজ ঘরে টাকা পয়সা না দিয়ে প্রথম স্ত্রীর অমতে আরেকটি বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীকে ঘরে না তুলে অন্য জায়গায় রেখে রহিমার সংসারে অনিয়মিত আসা-যাওয়া করতে থাকে মাহফুজ। এই নিয়ে শাশুড়ি ফাতেমা বেগমের সাথে প্রায়ই ঝগড়া বিভেদ লেগেই ছিল।
গতকাল শনিবার রাত ৭ টায় রহিমা ও ফাতেমার মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে পুত্রবধু রহিমা তার শাশুড়ির বুকে আঘাত করে। এসময় প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে ফাতেমা মারা যায়। ফাতেমা মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুত্রবধূ রহিমা বাড়ির পাশের গহীন জঙ্গলে রাতের আঁধারে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়দের সূত্রে জানা যায় পূত্রবধূ রহিমা আক্তার ঐ দিন রাতে বাপের বাড়ি থেকে এসে শ্বাশুড়ীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে শ্বাশুড়িকে আঘাত করে ঘাতক রহিমা বেগম।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলের অদূরে মনছুরিয়া বাজার থেকে রহিমার বাবা আব্দুর ছাত্তারকে গ্রেফতার করেছে। বাঁশখালী থানার উপ-পরিদর্শক বাবুল আজাদ বলেন- পারিবারিক অশান্তির কারণে এই খুনের ঘটনা ঘটেছে। পুত্রবধূর পিতা আব্দুর ছাত্তারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিহত ফাতেমা বেগমের মরদেহ আজ সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য চমেক এ পাঠানো হয়েছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন জানান পুত্রবধূ রহিমা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রহিমাকে আটকের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
