পোশাকে শীতের ফ্যাশন

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শীতটা সেভাবে এখনো জেঁকে বসেনি। তবে সকালে কাজে বের হলে কিংবা রাতে বাড়ি ফেরার সময় বেশ ঠাণ্ডা অনুভূত হয়। মৌসুমটি বেশ উপভোগেরও বটে। এমন সময়ে না ভারি শীতের পোশাক পরা যায়, না বেছে নেয়া যায় সাধারণ পোশাক। এ হালকা শীত ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।
 
বাজারে ঘুরলেই দেখবেন একদম হালকা জিন্স বা গ্যাবাডিনে তৈরি জ্যাকেট এরই মধ্যে চলে এসেছে। হালকা শীতে এগুলো দেখাবে দারুণ স্টাইলিশ। পাতলা উলের সোয়েটার কিংবা ফুল স্লিভ টি-শার্টও চলে এসেছে বাজারে। এগুলো একইসঙ্গে আপনাকে দেবে উষ্ণতা ও স্টাইল। শীতের সময় জ্যাকেট কিংবা সোয়েটারের সঙ্গে নানা স্টাইলের জিন্সের চলটাই সবচেয়ে বেশি। ভালো লাগবে ফর্মাল প্যান্টের সঙ্গেও। ফুল শার্টের ভেতরে একটি টি-শার্ট পরে নিলে মন্দ হয় না। 
 
সালোয়ার কামিজ পরা মেয়েদের জন্য আছে লং জ্যাকেট, পঞ্চ। ফুলহাতা উজ্জ্বল রঙের লম্বা পাঞ্জাবিও আছে। যা চুড়িদার পায়জামার সাথে পরে তার ওপর একটা শাল জড়িয়ে নিলে ফ্যাশনও হবে, হবে আরামও।
 
 
এখন তরুণীরা পছন্দ করছে মোটা কাপড়ের টপস, লেগিংস আর বাহারি ডিজাইনের কার্ডিগেন। শাড়ির ক্ষেত্রে ফুলস্লিভ ব্লাউজ আর শাড়ির সাথে মিলিয়ে শাল জড়িয়ে হয়ে উঠতে পারেন অনন্য। টি শার্ট বা শার্ট পরলে উপরে পরতে পারেন হাতা কাটা সোয়েটার। অথবা একটু ঢিলেঢালা পুলওভার।
 
এবারে শীতে আঁটসাঁট নয় বরং ঢিলেঢালা পোশাকই পরতে আগ্রহী কিশোরী আর তরুণীরা। সোজা কাটের পোশাকের সাথে বেছে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা ব্লেজার।
 
জ্যাকেট আর ব্লেজারের সংমশ্রিণে তৈরি নতুন ধরনের শীতের পোশাক উঠে আসছে তরুণদের পছন্দের তালিকায়। অফিসের প্রয়োজনে ব্লেজার পরতে পারেন। তবে আগের মত আর সাদা, কালো বা ছাই রঙের ব্লেজার নয়। এবার বেছে নিতে পারেন গাঢ় মেরুন, কালো হলুদের মিশ্রণ, বেগুনি, পার্পেল রঙের ব্লেজার। এ ছাড়া হুডি জ্যাকেটও ধরে রাখছে হাল ফ্যাশনের আবেদন। আর মাফলার তো আছেই। ছেলে-মেয়ে সবার পছন্দের র্শীষে উঠে এসেছে রঙিন মাফলার।
 
 
শীতকাল হলো আঁটসাট চাপা জিন্স পরার উপযুক্ত সময়। এক্ষেত্রে গাঢ় রঙ এর প্রাধান্য দেয়া উচিত। বিভিন্ন রঙ এর শার্টের সাথে অল্প কিছু গয়না কিংবা গয়না না পরে কেবলমাত্র স্কার্ফ ব্যবহার করা যায়। স্কার্ফ এমন একটা ফ্যাশন অনুসঙ্গ, যা কি না শীত বা গ্রীষ্ম যে কোনো ঋতুতে যে কোনো পোষাককেই দারুণ আকর্ষণীয় করে তোলে। সাদা টপ আর প্লেইন জিন্সের সাথে একটা স্কার্ফ জড়িয়ে নিলেই ভীষণ মার্জিত আর স্টাইলিশ দেখাবে। এটাই স্কার্ফ ব্যবহারের সুবিধা।
 
এই শীতে লেগিংসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ঢিলেঢালা সোয়েটারের সাথে লেগিংস আর পা ঢাকা জুতোয় দারুণ মানাবে যে কোন তরুণীকেই। ভি আকৃতির টিশার্টের সাথে সোয়েটার আর একটা স্কার্ফ জড়িয়ে নিলেও দেখতে ভালো লাগবে। এখন চেক শার্টও তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top